চিত্রঃ AI
Bangla Jago Desk: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় (এসআইআর) স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ করল সুপ্রিম কোর্ট। সোমবার এক গুরুত্বপূর্ণ নির্দেশে শীর্ষ আদালত জানিয়েছে, ভোটার তালিকায় থাকা তথ্যগত অসঙ্গতি বা লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা এখন থেকে জনসমক্ষে প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। সাধারণ মানুষের সুবিধার্থে এই তালিকা প্রতিটি গ্রাম পঞ্চায়েত দফতর, ব্লক অফিস এবং পুরসভার ওয়ার্ড অফিসে টাঙিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে আগে জানা গিয়েছিল, তথ্যে অমিল থাকায় প্রাথমিক পর্যায়ে প্রায় ১ কোটি ৩৬ লক্ষ ভোটারকে চিহ্নিত করা হয়েছিল। পরে সেই সংখ্যাটি কমে দাঁড়ায় ৯৪ লক্ষে। এই বিপুল সংখ্যক ভোটারকে বর্তমানে শুনানির জন্য তলব করছে কমিশন। তবে কোন তথ্যের ভিত্তিতে বা কী ধরণের ত্রুটির কারণে ভোটারদের শুনানিতে ডাকা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল কংগ্রেস-সহ রাজ্যের একাধিক রাজনৈতিক দল। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সরব হয়ে তালিকা প্রকাশের দাবি জানিয়েছিলেন।
আদালতের এই নতুন নির্দেশের ফলে এখন থেকে শুনানির প্রক্রিয়া আরও সুশৃঙ্খল হবে। সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে, শুনানির সময় কোনো ভোটারের কাছ থেকে নথি গ্রহণ করা হলে তাঁকে অবশ্যই প্রাপ্তি স্বীকার বা রসিদ দিতে হবে। এছাড়া সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে প্রতিটি ব্লক অফিসে আলাদা কাউন্টার খোলার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট কাউন্টারগুলোতেই নাগরিকরা তাঁদের প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন এবং কোনো বিষয়ে আপত্তি থাকলে তা জানাতে পারবেন।