চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: পথকুকুরদের নিয়ে ফের এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, বাস স্ট্যান্ড, রেল স্টেশন এবং খেলার মাঠের মতো জনবহুল এলাকাগুলিকে সম্পূর্ণভাবে পথকুকুর মুক্ত করতে হবে। এই সমস্ত স্থান থেকে কুকুরগুলিকে উদ্ধার করে ডগ শেল্টারে (আশ্রয় কেন্দ্রে) পাঠিয়ে দিতে হবে। শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে যে, আগামী আট সপ্তাহের মধ্যেই এই কাজটি সম্পন্ন করতে হবে। বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এনভি আঞ্জরিয়ার বেঞ্চে এই মামলার শুনানি হয় (Supreme Court)।
আরও পড়ুনঃ WB 100-Day Work Scheme: ১০০ দিনের কাজ দ্রুত শুরু করুন! কেন্দ্রকে সরাসরি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
সুপ্রিম কোর্ট আরও স্পষ্ট করে জানিয়েছে যে, যে এলাকা থেকে পথকুকুরগুলিকে শেল্টারে পাঠানো হবে, ওই এলাকায় তাদের আর ফেরানো যাবে না। পথকুকুরের কামড়ে শিশুদের মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় আদালত স্বতঃপ্রণোদিতভাবে (Suo Motu) এই মামলা দায়ের করেছিল। মাত্র দিনচারেক আগেই শীর্ষ আদালত ইঙ্গিত দিয়েছিল যে, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে পথকুকুরদের দৌরাত্ম্য থামাতে একটি অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হবে। কারণ হিসেবে আদালত উল্লেখ করেছিল যে, ওই প্রতিষ্ঠানগুলির কর্মী ও অন্যান্যরা খাবার দিয়ে কুকুরগুলিকে এলাকার মধ্যেই রেখে দেন, যা বন্ধ হওয়া প্রয়োজন (Supreme Court)।
Bangla Jago fb page: https://www.facebook.com/Banglajagotvofficial
কেবল পথকুকুর নয়, সুপ্রিম কোর্ট জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে যাবতীয় গবাদি পশুকেও সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। এই কাজ দ্রুত সম্পন্ন করার জন্য একটি বিশেষ নজরদারি দল (Special Monitoring Team) গঠন করা হবে। এই টিম রাস্তা থেকে পশুদের সরিয়ে শেল্টার হোমে পাঠানোর কাজ করবে। এছাড়াও, যত্রতত্র পশু ঘুরে বেড়ানোর ঘটনা রিপোর্ট করার জন্য জাতীয় সড়কে একটি হেল্পলাইন নম্বরও চালু করার ব্যবস্থা করতে হবে বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court)।