চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: ফের বিমান বিভ্রাট। মাদুরাই থেকে দুবাইগামী স্পাইসজেটের একটি বিমান ওড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। ঝুঁকি না নিয়ে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটি চেন্নাই বিমানবন্দরে ফেরান, যেখানে সেটি নিরাপদে অবতরণ করে। খবর, বিমানে ১৬০ জন যাত্রী ছিলেন, সবাই বর্তমানে নিরাপদে রয়েছেন। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, অবতরণের পরই ইঞ্জিনিয়াররা বিমানের ইঞ্জিন ও যান্ত্রিক অংশ পরীক্ষা শুরু করেন।
তবে সোমবার বিকেল পর্যন্তও ত্রুটি সম্পূর্ণরূপে মেরামত সম্ভব হয়নি।এই ঘটনার জেরে আবারও বিমান নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে—এমন বারবার যান্ত্রিক ত্রুটি কি বিমানের নিয়মিত রক্ষণাবেক্ষণের ঘাটতি নির্দেশ করছে?
উল্লেখ্য, মাত্র পাঁচ দিন আগেই কলকাতা থেকে শ্রীনগরগামী ইন্ডিগো বিমানে মাঝ-আকাশে জ্বালানি লিক ধরা পড়ায় বারাণসীতে জরুরি অবতরণ করানো হয়। তারও আগে একাধিক এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো বিমানে যান্ত্রিক গোলযোগের ঘটনা প্রকাশ্যে এসেছে।বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাত্রী নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর উদ্বেগের ইঙ্গিত বহন করছে।যাত্রীদের দাবি বিমানের নিয়মিত রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা পরীক্ষা আরও কঠোরভাবে কার্যকর করা হোক।