চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: মাঝ-আকাশে বিকল হয়ে গেল যাত্রীবাহী বিমানের ইঞ্জিন। মুম্বই থেকে কলকাতা আসার পথে বড় বিপদের মুখে পড়েছিল স্পাইসজেটের একটি বিমান। উড্ডয়নের কিছুক্ষণ পরই ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ায় তড়িঘড়ি জরুরি অবতরণে বাধ্য হন পাইলট। রবিবার গভীর রাতের এই ঘটনায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়ালেও, পাইলটের বিচক্ষণতা ও বিমানবন্দর কর্তৃপক্ষের তৎপরতায় রক্ষা পেলেন ১৭০ জন যাত্রী-সহ বিমানের ক্রু মেম্বাররা (SpiceJet Emergency)।
আরও পড়ুনঃ Kolkata Winter: ‘পালাই পালাই’ নয়, শীত এবার থিতু! এক সপ্তাহ জাঁকিয়ে ঠান্ডা দক্ষিণবঙ্গে
মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিল স্পাইসজেট ফ্লাইট SG670। বিমানবন্দর সূত্রে খবর, টেক অফ করার অল্প সময়ের মধ্যেই পাইলট বুঝতে পারেন, বিমানটির একটি ইঞ্জিনে যান্ত্রিক গোলমাল দেখা দিয়েছে। দ্রুত এয়ার ট্র্যাফিক কন্ট্রোলকে (ATC) বিষয়টি জানিয়ে তিনি জরুরি অবতরণের অনুমতি চান। ইঞ্জিনের ত্রুটির কারণে মাঝআকাশে সেটি বিকল হয়ে গিয়েছিল (SpiceJet Emergency)।
পাইলটের জরুরি বার্তা পাওয়ামাত্রই কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ করে। দমদম বিমানবন্দরে জারি করা হয় সর্বোচ্চ জরুরি সতর্কতা বা ‘ইমারজেন্সি’। সমস্ত প্রোটোকল মেনে রানওয়ের পাশে মজুত রাখা হয় ফায়ার টেন্ডার, অ্যাম্বুল্যান্স ও মেডিক্যাল টিম। রাত ১১:৩৮ মিনিটে ATC-এর সবুজ সঙ্কেত পেয়ে নিরাপদেই নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। ইঞ্জিনে সমস্যা সত্ত্বেও নিরাপদেই ল্যান্ডিং সম্ভব হওয়ায় কর্তৃপক্ষের প্রশংসা করেছেন আধিকারিকরা।
Bangla Jago fb page: https://www.facebook.com/share/17CxRSHVAJ/
বিমানটিতে সে সময় মোট ১৭০ জন যাত্রী ছিলেন, সঙ্গে ছিলেন ক্রু মেম্বাররা। কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন যে প্রত্যেকেই সুস্থ ও সুরক্ষিত রয়েছেন। বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, পাইলটের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ফলেই কোনো বড়সড় বিপত্তি ঘটেনি। এই প্রসঙ্গে স্পাইসজেট একটি বিবৃতি জারি করে জানিয়েছে, ফ্লাইট SG670-এ যান্ত্রিক ত্রুটি দেখা দিলেও প্রশিক্ষিত ক্রুদের তৎপরতায় বিমানটি নিরাপদে অবতরণ করেছে এবং যাত্রীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বর্তমানে কী কারণে ইঞ্জিন বিকল হয়েছিল, তা জানতে স্পাইসজেটের টেকনিক্যাল টিম বিমানটি পরীক্ষা করে দেখছে (SpiceJet Emergency)।