চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর শারীরিক অবস্থা ফের উদ্বেগের সৃষ্টি করেছে। সোমবার সন্ধ্যায় দিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয় ৭৮ বছরের সোনিয়াকে। হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে তিনি চেস্ট স্পেশালিস্টের তত্ত্বাবধানে রয়েছেন এবং শারীরিকভাবে স্থিতিশীল আছেন।
হাসপাতাল সূত্রের খবর, সোনিয়ার কাশি সংক্রান্ত সমস্যার মাত্রা হঠাৎ বেড়ে যাওয়ায় তাঁকে রুটিন চেকআপের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। দিল্লির প্রলয়ঙ্কর দূষণের কারণে নানা শারীরিক জটিলতা দেখা দিয়েছে তাঁর শরীরে। চিকিৎসকরা তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন এবং আপাতত সোনিয়াকে নিয়ে কোনো গুরুতর উদ্বেগের কারণ নেই বলে জানা গেছে।
সোনিয়ার অসুস্থতা নতুন নয়। গত কয়েক বছর ধরে মাঝেমধ্যেই শারীরিক সমস্যার কারণে তাঁর সুস্থতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। গত বছর শিমলায় বেড়াতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে তিনি তৎক্ষণাৎ ইন্দিরা গান্ধী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। এছাড়া তিনি অতীতে দু’বার কোভিডে আক্রান্ত হয়েছেন। কোভিড থেকে সুস্থ হলেও নানা শারীরিক জটিলতায় ভুগছেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী।
যদিও অসুস্থতার মধ্যেও সংসদীয় রাজনীতিতে সক্রিয় থাকার চিত্র দেখা গেছে তাঁকে, দলের সংগঠন বা নীতি বিষয়ে এখন আর আগের মতো তেমন সরাসরি অংশগ্রহণ করছেন না সোনিয়া গান্ধী। আপাতত চিকিৎসকরা শারীরিকভাবে স্থিতিশীল থাকার কারণে তাঁদের পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছেন।