চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: এসআইআর ইস্যু বর্তমানে শোরগোল ফেলে দিয়েছে জাতীয় রাজনীতিতে (SIR Protests)। বিহার বিধানসভা নির্বাচনের আগে লক্ষ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়া রীতিমতো হইচই ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। যদিও এই বিষয়ে বিরোধীরা লাগাতার আওয়াজ তুলে যাচ্ছে ও বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে। শুক্রবার ও তার ব্যতিক্রম হলো না। পোস্টার-ব্যানার হাতে সংসদের বাইরে বিক্ষোভ দেখাল তারা। পাশাপাশি, স্লোগানও তোলা হয়।
বিহার বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল স্পেশাল ইনটেনসিভ রিভিশনের (এসআইআর)। তবে বিরোধীদের বক্তব্য, কেন্দ্রের মূল উদ্দেশ্য পিছিয়ে পড়া শ্রেণীদের ভোটাধিকার কেড়ে নেওয়া, যা তারা কোনভাবেই হতে দেবে না। এই নিয়ে লাগাতার সুর চড়িয়ে যাচ্ছে তারা। সংসদের অন্দরে হোক কি বাইরে, চারিদিকেই তারা তুলে চলেছে আওয়াজ।
শুক্রবারও একই চিত্র দেখা গেল। ফের বিরোধী সাংসদদের প্রতিবাদের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় সংসদ। শুধু তাই নয়, এর ফলে বেশ কয়েকবার মুলতবি করা হয় অধিবেশন। মকর দ্বারের কাছে তারা বিক্ষোভ দেখায়। “আমাদের ভোট, আমাদের অধিকার, আমাদের লড়াই” ব্যানার ব্যবহার করা হয়। তাদের অভিযোগ, “এসআইআরের মাধ্যমে কারচুপি করার চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে তা বন্ধ করতে হবে। নির্বাচন কমিশন হাত মিলিয়ে বিজেপির সঙ্গে এসব করছে (SIR Protests)।”
প্রসঙ্গত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে, এসআইআর ইস্যুতে, ইন্ডিয়া জোটের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী সোমবার নির্বাচন কমিশন অফিস ঘেরাও করার। যদিও এই ইস্যুতে একাধিকবার বৈঠক হয়েছে বিরোধীদের মধ্যে। এক্ষেত্রে দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হয়। কেন্দ্রকে তারা বাধ্য করাতে পারে কিনা এসআইআর প্রত্যাহার করাতে, এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে রাজনৈতিক মহলে।