চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: লোকসভা নির্বাচনের প্রথম দফার ঠিক আগমুহূর্তে ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর (SIR) মামলায় সুপ্রিম কোর্টে এক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এল। সোমবার শীর্ষ আদালতে শুনানির সময় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের একটি চিঠির কথা উল্লেখ করা হয়। যেখানে জানানো হয়েছে, ওইদিন দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৫৯ লক্ষ ১৫ হাজার বিবেচনাধীন ভোটারের নাম সংক্রান্ত আবেদনের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে।
বিশেষ করে মুর্শিদাবাদ ও মালদহ জেলায় নাম বাদ যাওয়া সংক্রান্ত জটিলতা কাটানোর ওপর জোর দিয়েছে আদালত। বিচারপতি সূর্য কান্ত জানান, এই দুই জেলা থেকে প্রায় ৮ লক্ষ আপত্তি জমা পড়েছিল, যার সবকটিরই নিষ্পত্তি হয়ে গিয়েছে বলে হাইকোর্টের চিঠিতে উল্লেখ করা হয়েছে। যদিও বিচারাধীন তালিকায় থাকা ৬০ লক্ষ নামের মধ্যে শেষ পর্যন্ত কতজনের নাম বাদ গেল, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে।
শুনানি চলাকালীন আইনজীবী মেনকা গুরুস্বামী প্রখ্যাত শিল্পী নন্দলাল বসুর নাতির নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ার বিষয়টি আদালতের নজরে আনেন। অন্যদিকে, আইনজীবী শ্যাম একটি পরিসংখ্যান তুলে ধরে জানান যে, ৬০ লক্ষের মধ্যে ৪৪ লক্ষ মামলার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, প্রায় ৫৫ শতাংশ ক্ষেত্রে নাম তালিকায় উঠেছে এবং ৪৫ শতাংশ ক্ষেত্রে নাম বাদ দেওয়া হয়েছে। এই বিপুল সংখ্যক নাম বাদ পড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন আইনজীবীরা।
এদিন ফের একবার ট্রাইব্যুনালের পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠলেও সুপ্রিম কোর্ট ট্রাইব্যুনালের ওপরেই আস্থা রাখছে। আদালত পর্যবেক্ষণে জানিয়েছে, ভোটার তালিকায় নাম রাখা বা বাদ দেওয়ার ক্ষেত্রে ট্রাইব্যুনাল চাইলে মাধ্যমিকের নথির মতো গুরুত্বপূর্ণ তথ্যও খতিয়ে দেখতে পারবে। নির্বাচনের আগে ট্রাইব্যুনাল গঠন এবং নাম বাদ যাওয়া ভোটারদের ভবিষ্যৎ নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সোমবারের শুনানি তা নিরসনে প্রশাসনিক তৎপরতার ইঙ্গিত দিল।