ad
ad

Breaking News

Narendra Modi

দুঃসাহসিক ‘সিঁদুর অভিযান’-এর বর্ষপূর্তি, ভারতীয় সেনার বীরত্বকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী

বর্ষপূর্তিতে ভারতীয় সেনার সাহসিকতার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী।

sindoor-abhiyan-anniversary-pm-modi-message

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর চালানো ‘সিঁদুর অভিযান’-এর এক বছর পূর্ণ হল বৃহস্পতিবার। এই বর্ষপূর্তিতে ভারতীয় সেনার সাহসিকতার ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের অবস্থান আরও একবার স্পষ্ট করে কড়া বার্তা দিলেন তিনি।

এক্স হ্যান্ডলে প্রধানমন্ত্রী লেখেন, পহেলগাঁওয়ে নিরীহ ও নিরস্ত্র ভারতীয়দের উপর যারা হামলা চালিয়েছিল, ভারতীয় বাহিনী তাদের উপযুক্ত জবাব দিয়েছে। সেনার সাহস ও বীরত্বকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন, দেশের নিরাপত্তার প্রশ্নে সন্ত্রাসবাদকে কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তাঁর কথায়, ভারতের উপর আঘাত এলে তার পাল্টা জবাব দেওয়া হবে, আর ‘সিঁদুর অভিযান’ সেই বার্তাই বিশ্বের সামনে তুলে ধরেছিল।

প্রধানমন্ত্রী আরও জানান, এই অভিযান শুধু সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কঠোর অবস্থানই প্রমাণ করেনি, পাশাপাশি দেশের সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার দিকটিও স্পষ্ট করেছে। তিনি বলেন, এক বছর পরেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের অবস্থান একইরকম কঠোর রয়েছে এবং ভবিষ্যতেও আরও কড়া হাতে জঙ্গিবাদ দমন করা হবে।

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। সেই ঘটনার পর ভারত-পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। হামলার জবাবে ৭ মে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ‘সিঁদুর অভিযান’ চালায়। অভিযানে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয় এবং শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়।

এরপর পাকিস্তানও পাল্টা হামলার চেষ্টা চালায়। ভারতকে লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গোলাবর্ষণ করা হলেও দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং তিন বাহিনীর তৎপরতায় সেই সমস্ত হামলা ব্যর্থ হয়। টানা তিন দিন সংঘাত চলার পর শেষ পর্যন্ত ১০ মে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়।