চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: প্রয়াত হলেন ভারতীয় প্রসাধন শিল্পের অন্যতম মুখ সিমোনে টাটা। টাটা ট্রাস্টের বর্তমান চেয়ারম্যান নোয়েল টাটার মা এবং টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার সৎমা শুক্রবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫।টাটা গ্রুপের পক্ষ থেকে এক বিবৃতিতে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, শনিবার কোলাবার ক্যাথিড্রাল অফ দ্য হোলি নেম চার্চে সিমোনে টাটার শেষকৃত্য সম্পন্ন হবে।দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন সিমোনে। বছরের শুরুতে দুবাইয়ে তাঁর চিকিৎসা চলছিল। পরে তাঁকে ভারতে আনা হয় এবং ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার সকালে প্রয়াত হন তিনি (Simone Tata)।
টাটা পরিবারের সদস্যা হিসেবেই নয়, বরং ভারতীয় কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে তিনি ছিলেন এক অনন্য নাম। জনপ্রিয় প্রসাধন ব্র্যান্ড ল্যাকমি–র প্রতিষ্ঠাতা সিমোনে টাটা। ১৯৬১ সালে ল্যাকমিতে যোগ দেন তিনি। তখন ব্র্যান্ডটি খুব পরিচিত ছিল না। তাঁর নেতৃত্বে ধীরে ধীরে শীর্ষস্থানীয় প্রসাধন সংস্থায় পরিণত হয় ল্যাকমি। ১৯৮২ সালে তিনি সংস্থার চেয়ারপার্সন হন। তাঁর অবদানের জন্য তাঁকে ‘ভারতের কসমেটিক্স জগতের সম্রাজ্ঞী’ বলা হত (Simone Tata)।
সুইজারল্যান্ডের জেনিভায় জন্ম সিমোনের। ১৯৫১ সালে পর্যটক হিসেবে প্রথম ভারতে আসেন। কয়েক বছরের মধ্যেই শিল্পপতি নাভাল টাটাকে বিয়ে করেন। ১৯৬০ সালে টাটা গোষ্ঠীর ব্যবসায়ে আনুষ্ঠানিকভাবে যুক্ত হন তিনি।ব্যবসায়িক দূরদৃষ্টি, নেতৃত্ব এবং ভারতীয় বাজার সম্পর্কে গভীর ধারণার জন্য টাটা গ্রুপে তাঁর অবদান উল্লেখযোগ্য। তাঁর প্রয়াণে শোক জানিয়েছে শিল্পমহল থেকে প্রসাধন জগত—সবাই।সিমোনে টাটার মৃত্যুতে টাটা পরিবারে নেমেছে শোকের ছায়া। ভারতীয় শিল্প জগত হারাল এক পথিকৃৎ নারী উদ্যোক্তাকে (Simone Tata)।