ad
ad

Breaking News

Sharad Pawar

অসুস্থ ‘মারাঠা স্ট্রংম্যান’, বারামতী থেকে আনা হলো হাসপাতালে! কেমন আছেন শরদ পওয়ার?

সেই কারণেই সোমবার তাঁকে চিকিৎসকের পরামর্শে বারামতীর বাড়ি থেকে পুণের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

sharad-pawar-hospitalised

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: মহারাষ্ট্রের বর্ষীয়ান রাজনীতিবিদ ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি)-র প্রধান শরদ পওয়ারকে অসুস্থতার কারণে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, তাঁর গলায় সংক্রমণ ধরা পড়েছে। শরদের শারীরিক অবস্থার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগে রয়েছেন দলীয় কর্মী-সমর্থক ও অনুরাগীরা।

শরদের ভাইপো শ্রীনিবাস পওয়ার জানিয়েছেন, রবিবার রাত থেকেই শরদ পওয়ারের কাশি শুরু হয়। পাশাপাশি বুকে চাপ ও ব্যথাও অনুভব করছিলেন তিনি। সেই কারণেই সোমবার তাঁকে চিকিৎসকের পরামর্শে বারামতীর বাড়ি থেকে পুণের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত শরদ পওয়ারকে ভর্তি করানো হয়নি। চিকিৎসকদের একটি দল তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। ওই হাসপাতালের কার্ডিয়োলজি বিভাগের প্রধান চিকিৎসক পরভেজ় গ্র্যান্ট জানিয়েছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে শরদের একাধিক শারীরিক পরীক্ষা করা হবে। বয়সজনিত ঝুঁকি বিবেচনা করে প্রয়োজন হলে তবেই তাঁকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, নব্বইয়ের দশকে শরদ পওয়ার মুখগহ্বরে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। সে সময় আমেরিকা ও ভারতে একাধিক অস্ত্রোপচারের মাধ্যমে তিনি সুস্থ হয়ে ওঠেন। বর্তমানে ৮৫ বছর বয়সি এই প্রবীণ নেতার অসুস্থতার খবরে মহারাষ্ট্র জুড়ে এনসিপি সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। দ্রুত তাঁর আরোগ্য কামনা করেছেন বহু মানুষ।

প্রসঙ্গত, কিছু দিন আগেই বারামতীতে এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় শরদ পওয়ারের ভাইপো তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের। সেই ঘটনায় ভেঙে পড়েছিলেন শরদ পওয়ার এবং মৃত্যুকে ঘিরে রাজনীতি না করার বার্তাও দিয়েছিলেন তিনি। এরই মধ্যে পুণেতে জেলা পরিষদ নির্বাচনের ফলপ্রকাশ চলছে, যেখানে এনসিপির দুই শিবির একসঙ্গে লড়েছে। ভোটের ফল নিয়ে যখন দল ব্যস্ত, ঠিক তখনই শরদ পওয়ারের অসুস্থতার খবর নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।