ad
ad

Breaking News

Sanchar Saathi app

Sanchar Saathi app: নাগরিক নজরদারির বিতর্ক উড়িয়ে পিছু হটল কেন্দ্র! এবার কোনো স্মার্টফোনে ‘সঞ্চার সাথী’ প্রি-ইনস্টল থাকবে না

সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে চরবৃত্তির কোনও সম্ভাবনাই নেই।

Sanchar Saathi app controversy

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: সঞ্চার সাথী অ্যাপ নিয়ে তীব্র বিতর্কের জেরে অবশেষে পিছু হটল কেন্দ্র। কয়েক দিন আগেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানিয়েছিলেন, অ্যাপটি স্মার্টফোনে প্রি-ইনস্টল থাকলেও তা রাখা না রাখা সম্পূর্ণ গ্রাহকের ইচ্ছার উপর নির্ভর করবে। এবার সরকার স্পষ্ট জানিয়ে দেয়, কোনও স্মার্টফোনেই সঞ্চার সাথী প্রি-ইনস্টল থাকবে না, গ্রাহক চাইলে নিজে ডাউনলোড করবেন। সেইসঙ্গে ‘সঞ্চার সাথী’ অ্যাপ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জানান, সাধারণ মানুষের পরামর্শ এবং ফিডব্যাক থেকে সরকার বিধি সংশোধনে আগ্রহী।সিন্ধিয়া আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, সঞ্চার সাথী অ্যাপের মাধ্যমে চরবৃত্তির কোনও সম্ভাবনাই নেই। আর সেটা কখনই হবে না। আমরা দেশের নাগরিকদের পরামর্শ এবং ফিডব্যাকের উপর ভরসা রাখি। তার উপরেই নির্ভর করে আমরা বিধি সংশোধনে প্রস্তুত (Sanchar Saathi app)।

এর আগে কেন্দ্র মোবাইল সংস্থাগুলিকে মৌখিকভাবে জানায়, সাইবার নিরাপত্তার স্বার্থে ভারতের বাজারে আসা প্রতিটি নতুন স্মার্টফোনে বাধ্যতামূলকভাবে এই অ্যাপ ইনস্টল থাকতে হবে—যা মুছেও ফেলতে পারবেন না ব্যবহারকারীরা। এই নির্দেশিকা প্রকাশ্যে আসতেই উত্তাল হয় বিরোধী রাজনৈতিক শিবির। তাঁদের অভিযোগ, সাইবার সুরক্ষার নামে মোদি সরকার নাগরিকদের উপর নজরদারির চেষ্টা করছে। কংগ্রেস নেতাদের অভিযোগ, এটি ‘পেগাসাস’-এর পুনরাবৃত্তি।নাগরিকদের গোপনীয়তা বজায় থাকছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল।তৃণমূল-সহ অন্য বিরোধীরাও বিষয়টি নিয়ে সরব হয়। গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা তুলে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি ওঠে বিভিন্ন মহল থেকে। শেষমেশ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক বুধবার বিবৃতি দিয়ে জানায়, সঞ্চার সাথী অ্যাপের প্রি-ইনস্টলেশন বাধ্যতামূলক নয়। ইচ্ছুক নাগরিকরা নিজেরাই এটি ডাউনলোড করতে পারবেন।সরকারি দাবি, এই অ্যাপটি সম্পূর্ণ নিরাপদ এবং শুধুমাত্র নাগরিকদের সাইবার প্রতারণা থেকে রক্ষা করার উদ্দেশেই তৈরি। কেন্দ্র জানায়, এর মাধ্যমে সন্দেহজনক কল বা মেসেজ রিপোর্ট করা যাবে, চুরি হওয়া ফোনের অভিযোগ জানানো যাবে—এটাই এর একমাত্র কাজ (Sanchar Saathi app)।

সরকারের তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই ১ কোটি ৪ লক্ষেরও বেশি নাগরিক অ্যাপটি ডাউনলোড করেছেন। মাত্র গত ২৪ ঘণ্টায় ৬ লক্ষ নতুন ব্যবহারকারী যুক্ত হয়েছেন। প্রতিদিন গড়ে ২ হাজারের বেশি সাইবার প্রতারণা অ্যাপের মাধ্যমে ধরা পড়ছে। কেন্দ্রের বক্তব্য, এই পরিসংখ্যানই দেখাচ্ছে যে নাগরিকদের আস্থা রয়েছে সঞ্চার সাথীর উপর, ফলে প্রি-ইনস্টল বাধ্যতামূলক করার প্রয়োজন নেই।বিতর্কিত নির্দেশিকা প্রত্যাহারের পর আপাতত থেমেছে রাজনৈতিক চাপানউতোর। তবে অ্যাপকে ঘিরে গোপনীয়তার প্রশ্নে আলোচনা অব্যাহত (Sanchar Saathi app)।