Bangla Jago Desk: পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রেক্ষাপটে সতর্ক অবস্থানে রয়েছে ভারত। ক্রমবর্ধমান বৈশ্বিক অস্থিরতার মাঝে দেশের আকাশসীমা আরও সুরক্ষিত করতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, রাশিয়ার অত্যাধুনিক এস-৪০০ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেমের আরও পাঁচটি স্কোয়াড্রন কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। বায়ুসেনার তরফে এই প্রস্তাব শীঘ্রই অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে।
ভারত-পাক সংঘাতের সময় এস-৪০০-এর কার্যকারিতা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার বিষয় হয়ে ওঠে। দীর্ঘপাল্লার এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের মিসাইল এবং যুদ্ধবিমান প্রতিহত করতে সক্ষম বলে দাবি করা হয়। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের অশান্ত পরিস্থিতিও ভারতের নিরাপত্তা কৌশলে নতুন মাত্রা যোগ করেছে। ফলে পূর্ব ও পশ্চিম সীমান্তে অতিরিক্ত এস-৪০০ মোতায়েনের পরিকল্পনাও নেওয়া হচ্ছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে ৫.৫ বিলিয়ন ডলারের চুক্তিতে পাঁচটি এস-৪০০ কেনার সিদ্ধান্ত নেয় ভারত। এই চুক্তি হয়েছিল চিনের সঙ্গে সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে। যদিও সরবরাহে বিলম্ব ঘটে, তবুও ইতিমধ্যে তিনটি মিসাইল সিস্টেম ভারতের হাতে পৌঁছেছে। বাকি দুটি ২০২৬-২০২৭ সালের মধ্যে সরবরাহ হওয়ার কথা। এর মধ্যেই আরও অতিরিক্ত এস-৪০০ কেনার বিষয়ে আলোচনা শুরু হয়েছে।
রাশিয়ায় নির্মিত এই অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ৬০০ কিলোমিটার দূর থেকে শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে এবং ৪০০ কিলোমিটার দূরত্ব থেকেই তা ধ্বংস করতে সক্ষম। বর্তমানে পাকিস্তান ও চিন সীমান্তের দিকে নজর রেখে রাজস্থান, পাঞ্জাব এবং উত্তর-পূর্বাঞ্চলে এস-৪০০ মোতায়েন রয়েছে। এর বিস্তৃত পাল্লার কারণে দেশের উত্তর, পশ্চিম ও উত্তর-পূর্ব আকাশসীমা অনেকটাই সুরক্ষিত বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক বৈশ্বিক উত্তেজনার আবহে প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতেই নতুন করে এস-৪০০ কেনার উদ্যোগ নিয়েছে ভারত।



