চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: পশ্চিম এশিয়ায় ইরান-ইজরায়েল-আমেরিকা সংঘাত ক্রমশ তীব্র হওয়ার মধ্যেই বড় ধাক্কা খেল ভারতীয় মুদ্রা। বুধবার সকালে লেনদেনের শুরুতেই মার্কিন ডলারের বিপরীতে ৭০ পয়সা দুর্বল হয়ে টাকার মূল্য দাঁড়ায় ৯২ টাকা ১৭ পয়সা। সাম্প্রতিক সময়ে এটাই টাকার সর্বনিম্ন স্তর বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। উল্লেখ্য, সোমবার এক ডলারের দাম ছিল ৯১ টাকা ৪৯ পয়সা।সংঘাতের জেরে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকায় বিশ্ববাজারে জোগান কমার আশঙ্কা দেখা দিয়েছে। এর ফলেই তেলের দাম বাড়ার চাপ তৈরি হয়েছে। ভারতের ক্ষেত্রে পরিস্থিতি আরও স্পর্শকাতর। কারণ দেশের আমদানিকৃত অপরিশোধিত তেলের বড় অংশই আসে ইরাক, সৌদি আরব এবং কুয়েত-এর মতো মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে। তেলের দাম বাড়লে আমদানি খরচ বেড়ে যায়, ফলে বেশি ডলার খরচ করতে হয় ভারতকে। বিশেষজ্ঞদের মতে, ডলারের চাহিদা বাড়লেই টাকার উপর চাপ তৈরি হয়।
বর্তমানে সেই পরিস্থিতিই তৈরি হয়েছে। পশ্চিম এশিয়ার অস্থিরতার প্রভাব পড়েছে শেয়ার বাজারেও, ফলে সামগ্রিকভাবে অর্থনীতিতে অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে। সব মিলিয়ে আন্তর্জাতিক সংঘাতের জেরে জ্বালানি নির্ভর ভারতের অর্থনীতি ও মুদ্রাবাজারে বাড়ছে চাপ—এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।