চিত্রঃ প্রতীকী
AK Bangla Desk: আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে যখন লাগাতার টানাপোড়েন চলছে এবং বিশ্ব অর্থনীতি এক কঠিন পরিস্থিতির মুখোমুখি, ঠিক তখনই দেশের মধ্যবিত্তের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। তিনদিনব্যাপী মনিটরি পলিসি কমিটির (MPC) গুরুত্বপূর্ণ বৈঠক শেষে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা করে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গভর্নর জানান, কমিটির ৬ জন সদস্যই সর্বসম্মতিক্রমে রেপো রেট ৫.২৫ শতাংশে স্থির রাখার পক্ষে ভোট দিয়েছেন। ফলে আগামী দু’মাস বাড়ি বা গাড়ির ঋণের ইএমআই (EMI) বাড়ার কোনো আশঙ্কা থাকছে না।
সুদের হারের অতীত এবং বর্তমান হিসেব উল্লেখ্য, গত বছর জুন মাসে আরবিআই ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়ে তা ৫.৫ শতাংশে এনেছিল। তারও আগে ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে দফায় দফায় ১০০ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর ফলে ক্যাশ রিজার্ভ রেট (CRR) ৩ শতাংশে নেমে আসে। পরবর্তীতে ডিসেম্বর মাসে আরও ২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমানোর ফলে তা দাঁড়ায় ৫.২৫ শতাংশে। গত আট মাস ধরে এই সুদের হারই বহাল ছিল এবং নতুন সিদ্ধান্তের পর আগামী দু’মাসও সুদের হার একই থাকছে।
বিশ্বজুড়ে চাপ সত্ত্বেও ভারতীয় অর্থনীতি মজবুত আরবিআই গভর্নর জানিয়েছেন, জুলাই মাসের শুরু থেকে আমেরিকা ও ইরানের মধ্যে সংঘাত বৃদ্ধি পাওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম অনেকটাই বেড়েছে। এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে যে বিরূপ প্রভাব পড়েছে, তা অস্বীকার করার উপায় নেই। তবে এই প্রতিকূল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতীয় অর্থনীতি যথেষ্ট ভালো ফল প্রদর্শন করেছে।
অন্যদিকে, রিজার্ভ ব্যাঙ্কের বিদেশি মুদ্রার ভাণ্ডার সামাল দিতে কেন্দ্রীয় সরকার নাকি বিপুল পরিমাণে সঞ্চিত সোনা বিক্রি করে দিয়েছে—ব্লুমবার্গের এমন একটি খবর ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। তবে আরবিআই-এর পক্ষ থেকে সেই দাবি সম্পূর্ণ ভুয়ো ও ভিত্তিহীন বলে স্পষ্টভাবে উড়িয়ে দেওয়া হয়েছে।