চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: নয়াদিল্লিতে দেশের উচ্চকক্ষ অর্থাৎ রাজ্যসভার সাংসদ হিসেবে সোমবার শপথ গ্রহণ করলেন বাংলার পাঁচ বিশিষ্ট ব্যক্তিত্ব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমার, বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী, জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক ও প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং বিজেপির পক্ষ থেকে প্রবীণ নেতা বিশ্বজিৎ (রাহুল) সিনহা এদিন শপথ বাক্য পাঠ করেন। সংসদের এই নতুন ইনিংসে রাজীব কুমার, বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিক এবং রাহুল সিনহা—এই চারজনই বাংলা ভাষায় শপথ গ্রহণ করেছেন। রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন নবনির্বাচিত সাংসদদের শপথবাক্য পাঠ করান।
পশ্চিমবঙ্গ ছাড়াও এদিন তামিলনাড়ু, ওড়িশা ও মহারাষ্ট্রের মোট ১৯ জন সাংসদ শপথ নিয়েছেন। বাংলা থেকে নির্বাচিত এই পাঁচজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস এবার কোয়েল মল্লিক, মেনকা গুরুস্বামী এবং রাজীব কুমারের মতো অরাজনৈতিক ব্যক্তিত্বদের প্রার্থী করে বড় চমক দিয়েছিল। অন্যদিকে, বিজেপি তাদের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠিয়েছে। এর আগে পাঁচবার লোকসভা ও চারবার বিধানসভা নির্বাচনে লড়লেও জয়ের মুখ দেখেননি রাহুল সিনহা, ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় পৌঁছে তাঁর রাজনৈতিক জীবনের এক নতুন অধ্যায় শুরু হল।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে সংসদে উপস্থিত ছিলেন কোয়েল মল্লিকের বাবা রঞ্জিত মল্লিক ও তাঁর মা। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ এবং সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হয় মহারাষ্ট্রের বিজেপি সাংসদ মায়া চিন্তামন ইভান্তের মাধ্যমে। এরপর প্রবীণ নেতা শরদ পাওয়ার হুইলচেয়ারে এসে শপথবাক্য পাঠ করেন। অনুষ্ঠান শেষে রাজ্যসভার চেয়ারম্যান সি.পি. রাধাকৃষ্ণন সকল নতুন সদস্যকে অভিনন্দন জানান এবং সংসদীয় কাজে তাঁদের সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।