চিত্রঃ প্রতীকী
Bangla Jago Desk: উত্তরপ্রদেশের পথ অনুসরণ করে এবার রাজস্থানের স্কুলশিক্ষাতেও বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করল সে রাজ্যের সরকার। সরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের সাধারণ জ্ঞানের পরিধি বাড়াতে এবং পাঠাভ্যাস গড়ে তুলতে সংবাদপত্র পাঠ বাধ্যতামূলক করা হয়েছে। গত ৩১ ডিসেম্বর রাজস্থান শিক্ষা দপ্তর থেকে জারি করা একটি বিশেষ নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতিটি সরকারি স্কুলে প্রতিদিন অন্তত দুটি দৈনিক সংবাদপত্র রাখা এবং তা ছাত্রছাত্রীদের পড়ার ব্যবস্থা করা এখন থেকে বাধ্যতামূলক।
নতুন এই নিয়ম অনুযায়ী, স্কুল শুরুর পর সকালের প্রার্থনার জমায়েতে অন্তত ১০ মিনিট সময় বরাদ্দ রাখতে হবে খবরের কাগজ পড়ার জন্য। শিক্ষক ও পড়ুয়ারা সেখানে সমসাময়িক গুরুত্বপূর্ণ খবরগুলি নিয়ে আলোচনা করবেন। শিক্ষা দপ্তর জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুলগুলিতে অন্তত একটি হিন্দি ও একটি ইংরেজি সংবাদপত্র রাখতে হবে। অন্যদিকে, উচ্চপ্রাথমিক স্তরের স্কুলগুলির জন্য দুটি হিন্দি সংবাদপত্র রাখা জরুরি। এমনকি রাজস্থানের সরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিকেও এই নিয়মের আওতায় আনা হয়েছে। সংবাদপত্র কেনার যাবতীয় খরচ বহন করবে জয়পুরের রাজস্থান স্কুলশিক্ষা সংসদ। এই অভিনব উদ্যোগের মূল লক্ষ্য হলো পড়ুয়াদের শব্দভাণ্ডার সমৃদ্ধ করা এবং তাদের সমসাময়িক ঘটনাবলি সম্পর্কে সচেতন রাখা। নির্দেশিকায় শিক্ষকদের জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিদিনের সংবাদপত্র থেকে অন্তত পাঁচটি নতুন শব্দ বেছে নিয়ে শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীদের তার অর্থ ও প্রয়োগ ব্যাখ্যা করতে হবে। এর ফলে পড়ুয়াদের ভাষাজ্ঞান বৃদ্ধির পাশাপাশি তাদের ভবিষ্যতের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য মানসিকভাবে প্রস্তুত করা সম্ভব হবে বলে মনে করছে সরকার।
শুধুমাত্র রাজনৈতিক বা সাধারণ খবর নয়, প্রতিদিনের পাঠ তালিকায় খেলাধুলা এবং আন্তর্জাতিক ঘটনাবলিকেও সমান গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উঁচু ক্লাসের পড়ুয়াদের জন্য সংবাদপত্রের সম্পাদকীয় পাতা পড়ে শোনানোর কথা বলা হয়েছে, যাতে তাদের মধ্যে বিশ্লেষণাত্মক ক্ষমতা বৃদ্ধি পায়। উত্তরপ্রদেশের পর রাজস্থান সরকারের এই সিদ্ধান্ত দেশের শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিক উন্মোচন করল।