ad
ad

Breaking News

Chhattisgarh

ছত্তিশগড়ে লোহার কারখানায় ভয়ংকর বিস্ফোরণ! ৩ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ

Chhattisgarh Three Workers Killed In Pig Iron Factory

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: ছত্তিশগড়ের রায়পুরে ভয়াবহ কারখানা দুর্ঘটনা। একটি পিগ আয়রন কারখানায় বিস্ফোরণের জেরে মৃত্যু হল ৩ শ্রমিকের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় কারখানায় স্বাভাবিক কাজ চলছিল। সেই সময় কারখানার ভিতরে উপস্থিত ছিলেন বহু শ্রমিক। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের পরই কারখানার একাংশে আগুন লেগে যায়। আতঙ্কে প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু করেন শ্রমিকরা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল। শুরু হয় আগুন নেভানোর কাজ। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরে ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরাও। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, বিস্ফোরণের অভিঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই শ্রমিকের। গুরুতর আহত অবস্থায় আরও এক শ্রমিককে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন তাঁরও মৃত্যু হয়। নিহতদের নাম অরুণ পাণ্ডে, কোমল সিং এবং লাল সিং।

দুর্ঘটনার পর ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল। বিস্ফোরণস্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, কারখানায় নিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না, অক্সিজেন সিলিন্ডার ব্যবহারে কোনও গাফিলতি ছিল কি না—সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা।