ad
ad

Breaking News

June Malia

রেল বাজেটে ব্রাত্য বাংলা! লোকসভায় পরিসংখ্যান তুলে সরব জুন

বড় বড় ঘোষণার বদলে বাস্তব কাজের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের ওপর জোর দেন তিনি।

June Malia Slams Centre Over Bengal Railway Allocation

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: সংসদে রেল বাজেটের বরাদ্দ নিয়ে আলোচনায় কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় বিঁধলেন মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া। সোমবার লোকসভায় বক্তব্য রাখার সময় তিনি অভিযোগ করেন, ভারতীয় রেল দেশের ‘জীবনরেখা’ হওয়া সত্ত্বেও বর্তমান সরকারের আমলে উন্নয়নের নামে কেবল বৈষম্যই প্রকট হয়ে উঠেছে। বড় বড় ঘোষণার বদলে বাস্তব কাজের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের ওপর জোর দেন তিনি।

সাংসদ জুন মালিয়ার মূল অভিযোগ ছিল পশ্চিমবঙ্গের প্রতি কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ নিয়ে। তিনি পরিসংখ্যান তুলে ধরে জানান, গুজরাট, দিল্লি বা উত্তরপ্রদেশের মতো রাজ্যগুলোতে রেল প্রকল্পের গতি আকাশচুম্বী হলেও বাংলাকে কার্যত ‘স্লো প্যাসেঞ্জার লাইনে’ বসিয়ে রাখা হয়েছে। তাঁর দাবি, অন্যান্য রাজ্যে রেল বরাদ্দ বহুগুণ বাড়লেও বাংলার ক্ষেত্রে সেই বৃদ্ধি অত্যন্ত নগণ্য। যে রাজ্য একসময় দেশের রেল পরিষেবার ভিত গড়ে দিয়েছিল, আজ সেই পশ্চিমবঙ্গই চরম অবহেলার শিকার বলে তিনি মন্তব্য করেন। কেন্দ্রীয় প্রকল্পের ব্যর্থতা তুলে ধরে জুন মালিয়া জানান, ‘অমৃত ভারত’ প্রকল্পের অধীনে বাংলার ১০১টি স্টেশন উন্নয়নের অনুমোদন থাকলেও কাজ শেষ হয়েছে মাত্র তিনটিতে। এমনকি রেলের সুরক্ষা কবচ বা ‘কবচ’ ব্যবস্থার প্রয়োগও এই রাজ্যে অত্যন্ত ধীরগতিতে চলছে। বরাদ্দ অর্থ সময়মতো খরচ না হওয়ায় যাত্রী পরিষেবা থমকে রয়েছে বলে তিনি সরব হন। এই প্রসঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের রেলমন্ত্রী থাকাকালীন সময়ের উন্নয়নের গতির সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে মোদী সরকারকে কটাক্ষ করেন।

রেল পরিষেবার মানোন্নয়নের পাশাপাশি জঙ্গলমহলের হাতি করিডর দিয়ে যাওয়া ট্রেনগুলোর গতি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মেদিনীপুরের সাংসদ। বন্যপ্রাণী ও ট্রেন দুর্ঘটনা রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। একইসঙ্গে প্রবীণ নাগরিক এবং সাংবাদিকদের রেল টিকিটে ছাড়ের সুবিধা পুনরায় চালু করার জন্য রেল মন্ত্রকের কাছে জোরালো সওয়াল করেন জুন মালিয়া।