চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার ভারত সফরে এসেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার দিল্লির হায়দরাবাদ হাউসে তাঁর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন, আন্তর্জাতিক সংঘাতের আবহে ভারত নিরপেক্ষ নয়, বরং শান্তির পক্ষেই দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে।বৈঠকের শুরুতেই মোদি বলেন, ‘ বিশ্বকে শান্তির পথে ফিরে আসতেই হবে। আমরা শান্তির জন্য করা প্রতিটি উদ্যোগকে সমর্থন করি। ভারত নিরপেক্ষ নয় ভারত শান্তির পক্ষে। ভারত–রাশিয়া সম্পর্ক আরও মজবুত হোক, নতুন উচ্চতায় পৌঁছোক (Putin India Visit)।’
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোদি ও পুতিন একাধিকবার ফোনে কথা বলেছেন, বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দেখা হয়েছে, এবং ভারতের পক্ষ থেকে বহুবারই আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। সেই অবস্থানই আবারও পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী।মোদির বক্তব্যে পুতিনের নেতৃত্বেরও প্রশংসা ছিল। তিনি জানান, যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই পুতিন প্রকৃত বন্ধুর মতো নিয়মিত আলোচনা করেছেন, তথ্য ভাগ করে নিয়েছেন।জবাবে পুতিন বলেন, ইউক্রেন ইস্যুতে শান্তি প্রচেষ্টায় ভারতের মনোযোগ ও ভূমিকার জন্য তিনি কৃতজ্ঞ। পুতিনের বক্তব্য, ‘আপনি আমাকে সুযোগ দিয়েছেন ইউক্রেন পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করার। আমরা যে শান্তিপূর্ণ মীমাংসার দিকে কিছু পদক্ষেপ নিচ্ছি, তা নিয়ে অন্যান্য অংশীদারদের এমনকি আমেরিকার সঙ্গেও কথা চলছে (Putin India Visit)।‘
দুই দেশের মধ্যে প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, কৃত্রিম বুদ্ধিমত্তা-সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর কথাও জানান পুতিন। তাঁর বক্তব্য, ‘ সামরিক-প্রযুক্তিগত সহযোগিতায় আমাদের মধ্যে অত্যন্ত আস্থাপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা এই সব ক্ষেত্রেই আরও এগোতে চাই।‘ বৃহস্পতিবার পালাম বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান প্রধানমন্ত্রী মোদি। উষ্ণ করমর্দন, আলিঙ্গন, এরপর একসঙ্গে গাড়িতে করে যাত্রা— দু’দেশের সম্পর্কের ঘনিষ্ঠতার ইঙ্গিত মিলেছে সেখানেই।বৈঠকে উভয় দেশই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। মোদির কথায়, ভারত–রাশিয়া সম্পর্ক আরও বিকশিত হোক, নতুন উচ্চতায় পৌঁছোক (Putin India Visit)।