ad
ad

Breaking News

Chhattisgarh

‘বাঙালি’ হওয়ায় শাস্তি! ফের বিজেপি শাসিত রাজ্যে চার নাবালক-সহ আট পরিযায়ীকে মারধর

বাংলার সাধারণ শ্রমিকদের ওপর ভিন রাজ্যে এই ধরনের হামলার ঘটনায় সরব হয়েছে জেলা প্রশাসন ও রাজনৈতিক মহল।

Purulia Workers Assaulted in Chhattisgarh: 8 Migrants Rescued

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: বাঙালি হওয়ার ‘অপরাধে’ ফের আক্রান্ত হলেন বাংলার শ্রমিকরা। বিজেপি শাসিত ছত্তিশগড়ে (Chhattisgarh) আক্রান্ত পুরুলিয়ার ৮ পরিযায়ী শ্রমিক। ‘বাংলাদেশি’ তকমা দিয়ে পুরুলিয়া জেলার আটজন পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধর করার অভিযোগ বজরং দলের বিরুদ্ধে। আক্রান্তদের মধ্যে চারজন নাবালকও রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়া জুড়ে।

সূত্রের খবর, পুরুলিয়া জেলার মুফস্বল থানার চেপরি গ্রাম থেকে ৬ জন এবং আড়শা থানার ভুর্সা গ্রামের ২ জন, মোট ৮ জন শ্রমিক ছত্তিশগড়ের (Chhattisgarh) সুরজপুর জেলার সুরজপুর থানার অন্তর্গত ‘জয় দুর্গা বেকারি’-তে কাজ করতে গিয়েছিলেন। গতকাল সন্ধ্যায় স্থানীয় বিজেপি এবং বজরং দলের একদল সক্রিয় কর্মী ওই বেকারিতে চড়াও হয়। অভিযোগ, পরিচয়পত্র থাকা সত্ত্বেও ওই শ্রমিকদের ‘বাংলাদেশি’ বলে দাগিয়ে দেওয়া হয় এবং তার পরেই শুরু হয় অকথ্য নির্যাতন ও মারধর।

আক্রান্ত শ্রমিকদের মধ্যে রয়েছেন শেখ আসলাম (৩০), শেখ জসিম (৪২), শেখ বাবি (২৩), শেখ জুলফিকার (২১)। এনারা সকলেই চেপরি গ্রামের বাসিন্দা। এদের সঙ্গে কযেকজন নাবালক বাঙালিকেও মারধর করা হয়েছে। তাদের নাম হল- শেখ শাহি (১৫), আরবাজ কাজি (১৫), শেখ মিনার (১৪) এবং শেখ ইসমাইল (১৭)।

এই ঘটনায় চেপড়ি গ্রামের তৃণমূলের বুথ সভাপতি শেক ইকবাল বলেন, “রবিবার দুপুরে ছত্তিশগড় (Chhattisgarh) পুলিশের এক আধিকারিক আমাকে ফোন করে এই আটজনের নাম, ঠিকানা জানতে চান। আমি সমস্ত কিছু তাঁকে জানিয়েছি। তাঁর কাছ থেকে বিষয়টি জানতে পারি। পরে পুরুলিয়া মফস্বল থানার আইসির সঙ্গে আমরা দেখা করি। পরিবারের তরফে প্রত্যেকের নথি পত্র পুলিশের হাতে জমা করেছি।”

বাংলার সাধারণ শ্রমিকদের ওপর ভিন রাজ্যে এই ধরনের হামলার ঘটনায় সরব হয়েছে জেলা প্রশাসন ও রাজনৈতিক মহল। পুরুলিয়ার বাসিন্দাদের অভিযোগ, পরিচয় যাচাই না করেই কেবল বাংলা ভাষায় কথা বলার কারণে যেভাবে সাধারণ শ্রমজীবীদের ওপর আক্রমণ চালানো হচ্ছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ঘটনার পর থেকেই আক্রান্ত শ্রমিকদের পরিবারে আতঙ্কের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত ওই আটজনকে নিরাপদে জেলায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।