ad
ad

Breaking News

Prashant Kishor

কুবেরের ধন ভোটকুশলীর ঘরে! সামনে এল প্রশান্ত কিশোর ও তাঁর স্ত্রীর ২০০ কোটির সম্পত্তি

হলফনামা অনুযায়ী, ভোটকুশলী পিকের একারই রয়েছে ৯৬ কোটি টাকার বেশি সম্পত্তি। অন্যদিকে তাঁর স্ত্রী জাহ্নবী দাসের সম্পত্তি ইতিমধ্যেই ১০০ কোটির গণ্ডি ছাপিয়ে গিয়েছে।

Prashant Kishor Net Worth: PK Files Nomination For Bihar Bypolls

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: আইপ্যাক (I-PAC) ছেড়ে এখন তিনি নিজেই আস্ত একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা। তবে নিজের পেশাগত পরিচয় হিসেবে এখনও তিনি ‘রাজনৈতিক পরামর্শদাতা’ শব্দবন্ধই ব্যবহার করতে পছন্দ করেন। কথা হচ্ছে ‘জন সুরাজ পার্টি’-র সর্বেসর্বা তথা দেশের পয়লা নম্বর ভোটকুশলী প্রশান্ত কিশোরকে (PK) নিয়ে। এবার সরাসরি ভোটের ময়দানে অবতীর্ণ হচ্ছেন তিনি। আর নির্বাচন কমিশনের কাছে মনোনয়ন পত্র জমা দিতেই প্রকাশ্যে এল পিকে এবং তাঁর পরিবারের কোটি কোটি টাকার বিপুল সম্পত্তির খতিয়ান। হলফনামা অনুযায়ী, ভোটকুশলী পিকের একারই রয়েছে ৯৬ কোটি টাকার বেশি সম্পত্তি। অন্যদিকে তাঁর স্ত্রী জাহ্নবী দাসের সম্পত্তি ইতিমধ্যেই ১০০ কোটির গণ্ডি ছাপিয়ে গিয়েছে।

আগামী ৩০ জুলাই বিহারের বাঁকিপুর বিধানসভা কেন্দ্রে হাইভোল্টেজ উপনির্বাচন। ওই আসনে জন সুরাজ পার্টির প্রার্থী হিসেবে সোমবারই নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছেন পিকে। নির্বাচনী হলফনামা অনুযায়ী, প্রশান্ত কিশোরের মোট সম্পত্তির পরিমাণ ৯৬ কোটি ৬ লক্ষ টাকা। তাঁর স্ত্রী জাহ্নবী দাস পেশায় একজন সফল চিকিৎসক এবং দিল্লির একটি নামী হাসপাতালে সিনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মরত। হলফনামা বলছে, জাহ্নবীর স্থাবর-অস্থাবর মিলিয়ে মোট ১০১ কোটি ৯৩ লক্ষ টাকার সম্পত্তি রয়েছে।

সোনার গয়না থেকে মিউচুয়াল ফান্ড, অথচ নেই কোনও গাড়ি!

পেশাগত দিক থেকে স্বামী-স্ত্রী দুজনেই পরামর্শদাতা হলেও, উপার্জনের অঙ্কে কেউ কারও চেয়ে কম যান না। হলফনামা অনুযায়ী, পিকের কাছে ২২ কোটি ১৯ লক্ষ টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে। উল্টোদিকে তাঁর স্ত্রী ৮৯ কোটি ৫১ লক্ষ টাকার বিশাল অস্থাবর সম্পত্তির মালকিন। আশ্চর্যের বিষয় হল, কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও পিকে বা তাঁর স্ত্রীর নামে কোনও ব্যক্তিগত গাড়ি নেই! ব্যাঙ্কে পিকের পাঁচটি এবং তাঁর স্ত্রীর চারটি ফিক্সড ডিপোজিট রয়েছে। শেয়ার বাজারে পিকের লগ্নি রয়েছে ৬৩ লক্ষ টাকা এবং জাহ্নবীর মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ১ কোটি টাকারও বেশি। এছাড়াও পিকের স্ত্রীর কাছে ৬৪ লক্ষ টাকার সোনার অলঙ্কার রয়েছে।

জমি ও বন্ধ চালকলের আকাশছোঁয়া দাম

স্থাবর সম্পত্তির ক্ষেত্রেও চমক দিয়েছেন পিকে। বিহারের রোহতসে তাঁর তিন একরেরও বেশি জমি রয়েছে। ২০১৪ সালে মাত্র ২৫ লক্ষ টাকায় সেখানে একটি চালকল কিনেছিলেন তিনি, যা বর্তমানে বন্ধ। তবে বর্তমান বাজারে সেই জমির দাম দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি ৭৫ লক্ষ টাকা! এছাড়া পটনার পাটলিপুত্র কলোনি, নতুন দিল্লির বসন্ত বিহার এবং গাজিয়াবাদে তাঁর নিজস্ব বাড়ি ও শরিকি সম্পত্তি রয়েছে। সব মিলিয়ে পিকের মোট স্থাবর সম্পত্তির পরিমাণ ৭৩ কোটি ৮৭ লক্ষ টাকা এবং তাঁর স্ত্রীর স্থাবর সম্পত্তি ১২ কোটি ৪২ লক্ষ টাকার। ভোটের আগে পিকের এই বিপুল সম্পত্তির খতিয়ান নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।