ad
ad

Breaking News

Jammu And Kashmir

পুঞ্চ সীমান্তে সেনার গর্জন! অনুপ্রবেশকারী পাক ড্রোন লক্ষ্য করে গুলিবর্ষণ

এর আগে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের দিক থেকে আরেকটি ড্রোন জম্মু-কাশ্মীরে প্রবেশ করেছিল।

poonch-drone-intrusion-loc-army-firing

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: রবিবার ভোরে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় ঢুকে পড়ে পাকিস্তানের দিক থেকে আসা একটি সন্দেহজনক ড্রোন। ঘটনাটি নজরে আসতেই দ্রুত তৎপর হয়ে ওঠে সেনা। ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালানো হলে সেটি ফের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের দিকে পালিয়ে যায়।

সেনা সূত্রে জানা গিয়েছে, সকাল প্রায় ৬টা ১০ মিনিট নাগাদ পুঞ্চের ডিগওয়ার এলাকায় নিরাপত্তাবাহিনী একটি ড্রোনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে। কয়েক মিনিট ধরে সেটি ওই এলাকায় চক্কর কাটছিল। পরিস্থিতির গুরুত্ব বুঝে সেনা গুলি চালায়। গুলিবর্ষণ শুরু হতেই ড্রোনটি পাক-অধিকৃত কাশ্মীরের দিকে সরে যায়।

গত তিন দিনের মধ্যে এই নিয়ে দু’বার একই ধরনের ঘটনা ঘটল বলে জানা গিয়েছে। এর আগে ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের দিক থেকে আরেকটি ড্রোন জম্মু-কাশ্মীরে প্রবেশ করেছিল। সে সময় সেনার গুলিতে সেটিকে নামিয়ে দেওয়া হয়।

উল্লেখ্য, অতীতেও একাধিকবার পাকিস্তানের দিক থেকে ড্রোন অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রেই নিরাপত্তাবাহিনী সেগুলিকে গুলি করে নামাতে সক্ষম হয়েছে। সেনা সূত্রের দাবি, এই ধরনের ড্রোন অনেক সময় মাদক বা অস্ত্র পাচারের কাজে ব্যবহার করা হয়। কখনও আবার নজরদারির উদ্দেশ্যেও ড্রোন পাঠানো হয় বলে সন্দেহ।

সাম্প্রতিক ঘটনার পর পুঞ্চে নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সেনা সূত্রে জানানো হয়েছে।