প্রতীকী চিত্র
Bangla Jago Desk: অনলাইন প্রতারণার শিকার হয়ে প্রাণ হারালেন এক তরুণী। উত্তরপ্রদেশের ঝাঁসি জেলার বারুয়াসাগর এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার বেতোয়া নদীর ধারে নটঘাট ব্রিজের কাছে উদ্ধার হয় ২১ বছর বয়সী ভাবনা পাল-এর দেহ। প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যার আশঙ্কা করছে।পুলিশ সূত্রে খবর, গত ২৮ অক্টোবর ভাবনা বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাননি। অবশেষে শুক্রবার সকালে নদী থেকে তাঁর নিথর দেহ উদ্ধার হয়।
মৃতার স্বামী শের সিং পাল জানিয়েছেন, ভাবনা কয়েকদিন আগে অনলাইনে একটি চাকরির বিজ্ঞাপন দেখে আবেদন করেন। পরিবারের দাবি, সেটি ছিল একটি ভুয়ো চাকরির বিজ্ঞাপন। প্রতারকরা চাকরির প্রলোভন দেখিয়ে ভাবনার কাছ থেকে প্রায় ৫০০০ টাকা হাতিয়ে নেয়। তাঁকে বলা হয়েছিল, নথিপত্র জমা দিতে এবং ফি হিসেবে কিছু টাকা পাঠাতে। টাকা পাঠানোর পর তাঁকে ব্লক করে দেয় প্রতারকরা।
টাকা হারানোর পর থেকেই ভাবনা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিবারের কথায়, তিনি অস্বাভাবিক আচরণ করতে শুরু করেন, কারও সঙ্গে ঠিক করে কথা বলছিলেন না, নিজেকে ঘরবন্দি করে ফেলেছিলেন। কিন্তু পরিবার কিছু বোঝার আগেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা।বরুয়াসাগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল রাঠোর জানিয়েছেন, পরিবারের তরফে জানানো হয়েছে যে ভাবনা অনলাইন প্রতারণার শিকার হয়েছিলেন। তাঁর অ্যাকাউন্ট থেকে প্রায় ৫০০০ টাকা উধাও হয়েছে। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।তিনি আরও বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেলে প্রতারণার বিষয়টিও তদন্তের আওতায় আনা হবে।স্থানীয় সূত্রে জানা গেছে, ভাবনা সম্প্রতি একটি অনলাইন অ্যাপের মাধ্যমে চাকরির খোঁজ করছিলেন। সেই অ্যাপেই তাঁকে প্রতারণার ফাঁদে ফেলা হয়। পুলিশের ধারণা, মানসিক চাপে পড়ে তিনিই চরম সিদ্ধান্ত নেন।