চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: আকাশ মেঘলা, সঙ্গে টিপটিপ বৃষ্টি। কোথাও আবার বৃষ্টির দাপট বেশ জোরাল। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়ার মধ্যেই শুক্রবার সকালে ঘুম ভাঙল দিল্লিবাসীর। শুধু রাজধানী নয়, দিল্লির পার্শ্ববর্তী এলাকাগুলিতেও একই ধরনের আবহাওয়া লক্ষ্য করা যাচ্ছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার দিনভর দিল্লিতে মেঘলা আকাশ থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। মৌসম ভবন দিল্লির জন্য ‘কমলা’ সতর্কতা জারি করেছে। ভোর ৫টার বুলেটিনে জানানো হয়েছিল, রাজধানীর একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হতে পারে। সেই পূর্বাভাস মতোই সকাল থেকেই বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে।
হাওয়া অফিস আরও জানিয়েছে, দিল্লির কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে বিকেলের পর থেকে বৃষ্টির দাপট কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। বৃষ্টির প্রভাবে দিল্লি ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্য ভাবে কমতে পারে।
অন্য দিকে, শুক্রবার সকালে বরফের সাদা চাদরে ঢেকে গেল কাশ্মীর। গুলমার্গের স্কি-রিসর্ট-সহ একাধিক এলাকায় নতুন করে তুষারপাত হয়েছে। শ্রীনগর-সহ সমতল এলাকাতেও বইছে তীব্র হাওয়া। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই উত্তর কাশ্মীরের বারামুলা জেলার গুলমার্গে বরফ পড়া শুরু হয়।
তুষারপাতের জেরে শ্রীনগর বিমানবন্দরে উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান চলাচল স্বাভাবিক হতে কিছুটা বেশি সময় লাগতে পারে। একই কারণে ট্রেন চলাচলও ব্যাহত হয়েছে। শ্রীনগর থেকে জম্মু যাওয়ার প্রধান সড়কপথ বন্ধ রাখা হয়েছে। শুধু কাশ্মীর নয়, হিমাচল প্রদেশের মানালিতেও নতুন করে তুষারপাতের খবর মিলেছে।