ad
ad

Breaking News

Narendra Modi

সংসদে প্রশ্ন তোলা যাবে না পিএম কেয়ার্স নিয়ে! লোকসভা সচিবালয়কে চিঠি দিল প্রধানমন্ত্রীর দফতর

সরকারি ওয়েবসাইট অনুযায়ী, জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে, যেমন মহামারি বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করাই তহবিলটির মূল উদ্দেশ্য।

no-parliament-questions-on-pm-cares-and-two-funds

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: পিএম কেয়ার্স-সহ তিনটি তহবিল নিয়ে সংসদে প্রশ্ন তোলা যাবে না—এমন সিদ্ধান্ত স্পষ্ট করে লোকসভার সচিবালয়কে চিঠি দিয়েছে প্রধানমন্ত্রীর দফতর (পিএমও)। ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ জানুয়ারি এই চিঠি পাঠানো হয়। চিঠিতে লোকসভার কার্যবিধির অনুচ্ছেদ ৪১(২)(৮) এবং ৪১(২)(১৭) উল্লেখ করে এই নির্দেশনা দেওয়া হয়েছে। পিএম কেয়ার্স ছাড়া বাকি দুটি তহবিল হলো প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) এবং জাতীয় সামরিক তহবিল (NDF)। এই তিনটি তহবিলই প্রধানমন্ত্রী দফতরের অধীনে পরিচালিত হয়। 

২০২০ সালের ২৭ মার্চ করোনার মহামারির সময় পিএম কেয়ার্স তহবিল গঠন করা হয়। সরকারি ওয়েবসাইট অনুযায়ী, জরুরি বা সংকটকালীন পরিস্থিতিতে, যেমন মহামারি বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তা করাই তহবিলটির মূল উদ্দেশ্য। এটি একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট হিসেবে নিবন্ধিত। ১৯০৮ সালের রেজিস্ট্রেশন আইনের আওতায় এই তহবিলের ট্রাস্ট ডিড দিল্লিতে নিবন্ধিত করা হয়। ২০২৩ সালের মার্চ পর্যন্ত তহবিলে জমা পড়েছিল ৬,২৮৩.৭ কোটি টাকা।

প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল গঠিত হয় ১৯৪৮ সালের জানুয়ারিতে। দেশভাগের সময় পাকিস্তান থেকে আসা বাস্তুচ্যুতদের সহায়তা করতে এই তহবিল চালু করা হয়েছিল। অন্যদিকে, জাতীয় সামরিক তহবিল সেনা ও আধাসামরিক বাহিনীর সদস্যদের পরিবারকে সহায়তা দেওয়ার উদ্দেশ্যে গঠিত। এই তহবিল পরিচালনা করে একটি নির্বাহী কমিটি, যার চেয়ারম্যান প্রধানমন্ত্রী নিজেই। প্রতিরক্ষা, অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রীও এই কমিটির সদস্য।

পিএমও-এর যুক্তি, এই তিনটি তহবিল সম্পূর্ণভাবে জনসাধারণের অনুদানের মাধ্যমে গঠিত; দেশীয় কোষাগার থেকে কোনো অর্থ বরাদ্দ হয়নি। তাই এসব তহবিল নিয়ে আলোচনা সংসদের এখতিয়ারে পড়ে না। লোকসভার কার্যবিধির অনুচ্ছেদ ৪১(২)(৮) অনুযায়ী কেন্দ্রীয় সরকারের সঙ্গে সম্পর্কিত নয় এমন বিষয় নিয়ে প্রশ্ন তোলা যাবে না। ৪১(২)(১৭) অনুযায়ী এমন কোনো বিষয় নিয়ে প্রশ্ন করা যাবে না, যার জন্য সরকার সরাসরি দায়বদ্ধ নয় এবং যা অন্য কোনো সংস্থা বা ব্যক্তির নিয়ন্ত্রণাধীন। এই বিধি অনুযায়ী পিএম কেয়ার্স, PMNRF ও NDF নিয়ে সংসদে প্রশ্ন তোলা যাবে না—এমন নির্দেশনা দিয়েছে পিএমও।