চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: বিহার রাজনীতিতে ফের পরিবারতন্ত্রের পদধ্বনি। এতদিন সক্রিয় রাজনীতি থেকে দূরে থাকা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পুত্র নিশান্ত কুমার আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছেন জনতা দল (জেডিইউ) তে। মঙ্গলবার এ কথা প্রকাশ্যে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী ও জেডিইউ-র প্রবীণ নেতা শ্রবণ কুমার।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শ্রবণ কুমার বলেন, নিশান্ত কুমার যে সক্রিয় রাজনীতিতে যোগ দিচ্ছেন, তা এখন আর জল্পনা নয়, পুরোপুরি স্পষ্ট। দু’একদিনের মধ্যেই দল আনুষ্ঠানিক ঘোষণা করবে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরেই দলের কর্মীরা নিশান্তকে সক্রিয় রাজনীতিতে দেখতে চেয়েছিলেন। হোলির আগেই এই সিদ্ধান্তে কর্মীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয়েছে বলেও জানান তিনি। দলের তরফে নিশান্তকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে বলেও ইঙ্গিত দেন শ্রবণ কুমার। সূত্রের খবর, কেবল সাংগঠনিক পদ নয়, তাঁকে রাজ্যসভায় পাঠানোর সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, বিহার রাজনীতিতে পরিবারতন্ত্রের অভিযোগ নতুন নয়। বিভিন্ন দলের নেতারা তাঁদের উত্তরসূরিদের রাজনৈতিক ময়দানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। তবে এই ধারায় কিছুটা ব্যতিক্রম ছিল নীতীশ কুমারের দল। বাবা একাধিকবার মুখ্যমন্ত্রী হলেও ৫০ বছর বয়সী নিশান্ত এতদিন রাজনীতির আলোচনার বাইরে ছিলেন। সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগও রাখতেন না। শেষ বিধানসভা নির্বাচনের সময় অবশ্য ব্যতিক্রম দেখা যায়। দশমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় বাবাকে অভিনন্দন জানিয়ে নিশান্ত প্রকাশ্যে মন্তব্য করেছিলেন এবং জনতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পেশায় তথ্যপ্রযুক্তি কর্মী নিশান্ত বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি, মেসরা-র প্রাক্তনী। অতীতে তিনি নিজেই জানিয়েছিলেন, রাজনীতিতে তাঁর আগ্রহ নেই আধ্যাত্মিকতার প্রতিই তাঁর ঝোঁক বেশি। তবে সাম্প্রতিক সময়ে তাঁকে একাধিক রাজনৈতিক অনুষ্ঠানে বাবার সঙ্গে দেখা গিয়েছে। দলীয় বৈঠকেও তাঁর উপস্থিতি নিয়ে জল্পনা চলছিল।সব মিলিয়ে, বিহারের রাজনৈতিক সমীকরণে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।