প্রতীকী চিত্র
Bangla Jago Desk: বর্ষবরণের রাতে মিষ্টিমুখ করার নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে এক ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হলেন ৪৪ বছর বয়সী এক ব্যক্তি। শারীরিক সম্পর্কের অছিলায় ওই ব্যক্তির যৌনাঙ্গ কেটে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ২৫ বছর বয়সী এক তরুণীর বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে গত ৩১ ডিসেম্বর রাত দেড়টা নাগাদ। বর্তমানে আক্রান্ত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন এবং তাঁর অবস্থা আশঙ্কাজনক।
পুলিশি তদন্তে উঠে এসেছে এক জটিল বিবাহ বহির্ভূত সম্পর্কের কাহিনী। আক্রান্ত ব্যক্তি সম্পর্কে অভিযুক্ত তরুণীর দাদার শ্যালক। গত ৬-৭ বছর ধরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অভিযোগ, ওই তরুণী দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তিকে তাঁর স্ত্রীকে ছেড়ে তাঁকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন। এই নিয়ে তাঁদের মধ্যে তিক্ততা তৈরি হলে ওই ব্যক্তি নভেম্বর মাসে বিহারে চলে যান। গত ১৯ ডিসেম্বর তিনি মুম্বইয়ে ফিরে এলেও ওই তরুণীকে এড়িয়ে চলছিলেন। ৩১ ডিসেম্বর রাত দেড়টা নাগাদ ওই তরুণী মিষ্টি দেওয়ার নাম করে ওই ব্যক্তিকে নিজের বাড়িতে ডাকেন। সেই সময় তরুণীর সন্তানরা ঘুমাচ্ছিল। অভিযোগ, যৌন চাহিদা মেটানোর অজুহাতে তরুণী ওই ব্যক্তিকে পোশাক খুলতে বলেন। তিনি প্যান্ট খুলতেই তরুণী রান্নাঘর থেকে সবজি কাটার ছুরি নিয়ে এসে সরাসরি তাঁর যৌনাঙ্গে আঘাত করেন। রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তি কোনোমতে সেখান থেকে পালিয়ে প্রাণ বাঁচান।
পরে ওই ব্যক্তির ছেলে ও বন্ধুরা মিলে তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যান। আঘাত অত্যন্ত গভীর হওয়ায় চিকিৎসকরা তাঁকে অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করেন এবং জরুরি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত তরুণী পলাতক। পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে এবং একটি খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। বর্ষবরণের রাতে এমন নৃশংস ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।