ad
ad

Breaking News

Madras Bar Association

নেপালে ঘুরতে গিয়ে বিপত্তি! নিখোঁজ মাদ্রাজ হাই কোর্টের প্রাক্তন বিচারপতি,প্রধান বিচারপতিকে চিঠি বার অ্যাসোসিয়েশনের

নেপাল সফরে গিয়ে হড়পা বানের কবলে পড়ার পর থেকেই নিখোঁজ তিনি

Madras Bar Association Urges Govt Action for Missing Ex-Judge

চিত্র- সংগৃহীত

AK Bangla Desk: নেপালের ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পর কেটে গিয়েছে ছ’দিন। কিন্তু এখনও কোনও খোঁজ নেই মাদ্রাজ হাই কোর্টের প্রাক্তন বিচারপতি বি শিবজ্ঞানমের। নেপাল সফরে গিয়ে হড়পা বানের কবলে পড়ার পর থেকেই নিখোঁজ তিনি। এই পরিস্থিতিতে তাঁর সন্ধান এবং দ্রুত উদ্ধারের দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশ মন্ত্রকের দ্বারস্থ হয়েছে মাদ্রাজ বার অ্যাসোসিয়েশন। দেশের শীর্ষ নেতৃত্বকে পাঠানো চিঠিতে বার অ্যাসোসিয়েশন অনুরোধ জানিয়েছে, বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দেখা হোক। প্রাক্তন বিচারপতিকে খুঁজে বের করতে প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নেওয়া এবং সংশ্লিষ্ট সংস্থাগুলিকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয়েছে।

চিঠিতে জানানো হয়েছে, গত ২৬ আগস্ট বিপর্যয়ের দিন শিবজ্ঞানম সহযাত্রীদের সঙ্গে একটি বাসে নেপালের দুর্গম এলাকা দিয়ে যাচ্ছিলেন। ওই দিনই শেষবার স্ত্রীর সঙ্গে তাঁর যোগাযোগ হয়েছিল। তারপর থেকে আর কোনও খবর মেলেনি। একই রুটে থাকা অন্য একটি বাসের যাত্রীদের উদ্ধার করা সম্ভব হলেও শিবজ্ঞানম যে বাসে ছিলেন, তার যাত্রীদের অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। উদ্ধার হওয়া তীর্থযাত্রীদের কাছ থেকে যে তথ্য মিলেছে, তা নিয়েও বার অ্যাসোসিয়েশন চিঠিতে উল্লেখ করেছে। তাঁদের দাবি, দুর্ঘটনার ঠিক আগে তিব্বত সীমান্তবর্তী নেপালের তিমুরে এলাকায় শিবজ্ঞানমের বাসটি অন্য একটি বাসের মাত্র ১০০ থেকে ২০০ মিটার পিছনে ছিল। সেই বাসের যাত্রীরা পরে নিরাপদে উদ্ধার হন এবং তাঁর পরিবারের কাছে এই তথ্য পৌঁছে দেন।

দীর্ঘ ৩৪ বছর বিচারব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন বি শিবজ্ঞানম। অবসরের আগে তিনি মাদ্রাজ হাই কোর্টের বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০২৫ সালের জুলাই মাসে সুপ্রিম কোর্ট তাঁকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মনোনীত করে। তাঁর মতো একজন প্রবীণ আইনজ্ঞের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় উদ্বেগ ক্রমশ বাড়ছে পরিবার ও আইনজীবী মহলে। বার অ্যাসোসিয়েশনের আবেদন, যে কোনও মূল্যে তাঁর অবস্থান শনাক্ত করা হোক এবং নিরাপদে দেশে ফেরানোর ব্যবস্থা করুক কেন্দ্র।

এদিকে নেপালের বিপর্যয়ের চিত্র ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। হড়পা বানে মৃতের সংখ্যা হাজারের কাছাকাছি পৌঁছেছে। এখনও সাড়ে চার হাজারেরও বেশি মানুষ নিখোঁজ বলে জানা যাচ্ছে। বিপর্যয়ের ছ’দিন পরেও বিভিন্ন নদী ও ধ্বংসস্তূপ থেকে একের পর এক দেহ উদ্ধার হচ্ছে। নেপালের হাসপাতালগুলিতেও নিখোঁজ স্বজনদের খোঁজে ভিড় উপচে পড়ছে। প্রশাসনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ উদ্ধার হওয়া মৃতদেহগুলির পরিচয় শনাক্ত করা এবং নিখোঁজদের তালিকার সঙ্গে তা মিলিয়ে দেখা। সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই প্রাক্তন বিচারপতি বি শিবজ্ঞানমের খোঁজে এখন মরিয়া তাঁর পরিবার ও মাদ্রাজ বার অ্যাসোসিয়েশন।