Bangla Jago Desk: জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় শুক্রবার রাতের ভয়াবহ বিস্ফোরণে ৯ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় প্রাণ হারানোদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে সরকার প্রতিটি নিহতের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছে। ক্ষতিপূরণ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রদত্ত হবে। এছাড়াও গুরুতর আহত প্রত্যেককে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।
বিস্ফোরণে প্রাণ হারানো ও আহতদের মধ্যে অধিকাংশই পুলিশ এবং ফরেন্সিক বিভাগের আধিকারিক ছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে, স্বাস্থ্যমন্ত্রী সাকিনা ইতু ইতিমধ্যেই প্রিয়জনহারা পরিবারগুলোর সঙ্গে দেখা করেছেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।
পুলিশ জানিয়েছে, হরিয়ানা ফরিদাবাদ এবং উত্তরপ্রদেশ সাহারানপুর থেকে তল্লাশি অভিযানে বিপুল পরিমাণ বিস্ফোরক পদার্থ বাজেয়াপ্ত করে নওগাম থানায় আনা হয়েছিল। টাটা ৪০৭ মিনি ট্রাকে ওই বিস্ফোরক বহন করা হচ্ছিল। শুক্রবার রাতের বিস্ফোরণের সময় ফরেন্সিক বিশেষজ্ঞরা সেখানে পরীক্ষা-নিরীক্ষা করছিলেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, এই বিস্ফোরণ নিছক একটি দুর্ঘটনা, জঙ্গি যোগের কোনও ইঙ্গিত নেই। নওগাম পুলিশ স্টেশন এবং সংশ্লিষ্ট ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার সঠিক কারণ ও দায়িত্ব নির্ধারণে তদন্ত শুরু করা হয়েছে।



