চিত্রঃ প্রতীকী
Bangla Jago Desk: সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ পেতে স্কুলছাত্রকে অপহরণের এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এল নভি মুম্বইয়ে। দশম শ্রেণির এক ১৫ বছর বয়সী কিশোরকে উদ্ধারের পাশাপাশি এই ঘটনায় চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের পরিচয় জানা গিয়েছে প্রদীপকুমার জয়সওয়াল (২৪), বিশাল পাসি (১৯), চন্দন মৌর্য (১৯) ও সত্যম যাদব (১৯) হিসেবে। ধৃতদের বিরুদ্ধে অপহরণ ও তোলাবাজির মামলা রুজু করা হয়েছে।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, অপহরণের পুরো ছকটি সাজানো হয়েছিল ইনস্টাগ্রামের মাধ্যমে। অভিযুক্তদের মধ্যে একজন কিশোরী সেজে ওই ছাত্রের সঙ্গে নিয়মিত চ্যাট করত। কিশোরীরূপী সেই ছদ্মবেশীর প্রেমে পড়ে যায় দশম শ্রেণির ওই পড়ুয়া। দীর্ঘ আলাপচারিতার পর তাকে দেখা করার জন্য চাপ দেওয়া শুরু হয়। গত ২৮ ডিসেম্বর থানে জেলার নন্দীবালি এলাকায় সেই ‘প্রেমিকার’ সঙ্গে দেখা করতে অ্যাপ-ক্যাব বুক করে পৌঁছলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয় ওই ছাত্র। অভিযোগ অনুযায়ী, নির্দিষ্ট স্থানে পৌঁছতেই চার যুবক তাকে জোরপূর্বক তুলে নিয়ে একটি বাড়িতে বন্দি করে। এরপর কিশোরের পরিবারের কাছে তার ফোন থেকেই একটি হোয়াটসঅ্যাপ ভয়েস মেসেজ পাঠিয়ে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত পরিবার তড়িঘড়ি পুলিশের দ্বারস্থ হয়। অভিযোগ পাওয়ার পরেই নভি মুম্বই পুলিশ সিসিটিভি ফুটেজ ও কল রেকর্ড বিশ্লেষণ করে তল্লাশি অভিযান শুরু করে।
শেষ পর্যন্ত নন্দীবালির একটি গোপন আস্তানা থেকে ওই ছাত্রকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। একই সঙ্গে হাতেনাতে ধরা পড়ে চার অপহরণকারী। পুলিশ জানিয়েছে, কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক করতে এবং অপরিচিতদের সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করার বিপদ বোঝাতে এই ঘটনাটি একটি বড় উদাহরণ। উদ্ধার হওয়া ছাত্রকে আপাতত পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।