চিত্র- সংগৃহীত
Bangla Jago Desk: দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার তিনি জানান, মুম্বই-আহমেদাবাদ হাই-স্পিড রেল করিডরের প্রায় ৮০ শতাংশ নির্মাণকাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে সুরাট থেকে বিলিমোরা পর্যন্ত প্রথম পর্যায়ের বুলেট ট্রেন পরিষেবা চালু করার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। এরপর ধাপে ধাপে পরিষেবা ভাপি, আহমেদাবাদ এবং শেষ পর্যন্ত মুম্বই পর্যন্ত সম্প্রসারিত হবে।
রেলমন্ত্রীর কথায়, এই প্রকল্প শুধু দ্রুতগতির রেল পরিষেবাই নয়, আধুনিক রেলস্টেশন, উন্নত সড়ক যোগাযোগ এবং বিশ্বমানের পরিবহন পরিকাঠামো গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এর ফলে যাত্রী পরিষেবা উন্নত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গতি আসবে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৭ সালের সেপ্টেম্বরে ৫০৮ কিলোমিটার দীর্ঘ মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পের সূচনা করেছিলেন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৩ সালের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল। তবে জমি অধিগ্রহণে জটিলতা এবং করোনা অতিমারির কারণে প্রায় দু’বছর নির্মাণকাজ ব্যাহত হওয়ায় প্রকল্পের সময়সীমা পিছিয়ে যায়।
সূত্রের খবর, দীর্ঘ বিলম্বের ফলে প্রকল্পের ব্যয় ১.৬ লক্ষ কোটি টাকারও বেশি হতে পারে বলে অনুমান করা হচ্ছে। মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেনটি মোট ১২টি স্টেশনে থামবে। এর মধ্যে ৯টি স্টেশন গুজরাটে এবং ৩টি মহারাষ্ট্রে। মুম্বই স্টেশনটি তৈরি হচ্ছে ভূগর্ভে, আর বাকি স্টেশনগুলি হবে ভূপৃষ্ঠে। যাত্রীদের নিরাপত্তা ও দ্রুতগতির যাত্রা নিশ্চিত করতে এই প্রকল্পে জাপানের শিনকানসেন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা বিশ্বের অন্যতম নিরাপদ ও উন্নত হাই-স্পিড রেল ব্যবস্থা হিসেবে পরিচিত।