ad
ad

Breaking News

Mamata Banerjee

Mamata Banerjee: রাজনীতির উর্ধ্বে সৌজন্য! জন্মদিনে মমতাকে বিশেষ বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী

সোমবার তাঁকে শুভেচ্ছা জানান দেশের বিভিন্ন স্তরের রাজনীতিকরা।

Mamata Banerjee Modi Wishes on her birthday

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: তীব্র রাজনৈতিক মতভেদের মধ্যেও ব্যক্তিগত সৌজন্যের নজির ফের একবার সামনে এল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সকালে নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি ‘মমতা দিদি’ সম্বোধন করে মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। প্রধানমন্ত্রীর পোস্টে লেখা হয়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। সরকারি নথি অনুযায়ী, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ৫ জানুয়ারি। সেই হিসেবেই সোমবার তাঁকে শুভেচ্ছা জানান দেশের বিভিন্ন স্তরের রাজনীতিকরা।

নথিতে উল্লেখ আছে, ১৯৫৫ সালের ৫ জানুয়ারি তাঁর জন্ম। সেই অনুযায়ী, চলতি বছরে তিনি একাত্তর বছরে পা দিলেন। তবে বয়স যে তাঁর রাজনৈতিক গতিকে থামাতে পারেনি, তা বারবার প্রমাণ করেছেন মমতা। রাজ্যের প্রান্ত থেকে জাতীয় মঞ্চ—মিছিল, সভা বা আন্দোলন, সব ক্ষেত্রেই আজও তিনি দলের প্রধান মুখ। রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণে অনেক তরুণ নেতাকেও টেক্কা দেন তিনি। যদিও সরকারি জন্মতারিখ ৫ জানুয়ারি, মুখ্যমন্ত্রীর নিজের কথায় জন্মের সময়কাল ছিল ভিন্ন। নিজের লেখা বই ‘একান্তে’-র ৮৪ নম্বর পাতায় সে কথা উল্লেখ করেছেন তিনি। সেখানে মায়ের মুখে শোনা স্মৃতির কথা তুলে ধরে মমতা লিখেছেন, দুর্গাপুজোর মহাষ্টমীর দিন সন্ধিপুজোর সময় তাঁর জন্ম। তাঁর জন্মের আগে তিন দিন টানা প্রবল বৃষ্টি হয়েছিল এবং তাঁর জন্মের পরেই নাকি সেই বৃষ্টি থেমে যায়।

দুর্গাষ্টমী হোক বা ৫ জানুয়ারি—জন্মদিন মানেই বিশ্রাম, এমনটা কখনওই তাঁর জীবনে দেখা যায়নি। ব্যক্তিগত দিনেও কাজের ব্যস্ততাই বরাবর প্রাধান্য পেয়েছে। ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিত মুখ্যমন্ত্রী এবারও তার ব্যতিক্রম করছেন না। জন্মদিনের দিন দুপুরেই তিনি গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে যাবেন। সেখানে মুড়িগঙ্গার উপর নির্মীয়মাণ সেতুর শিলান্যাস কর্মসূচিতেও অংশ নেওয়ার কথা রয়েছে। রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আশাবাদী তাঁর ঘনিষ্ঠ মহল। তাদের দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জনসমর্থন নিয়ে ফের সরকার গঠন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি তাই রাজনৈতিক মহলেও তাঁর সক্রিয় ভূমিকা ও আগামী দিনের রূপরেখা ঘিরে আলোচনাও তুঙ্গে।