চিত্রঃ সংগৃহীত
AK Bangla 24×7 Digital: দেশের তরুণ সমাজ তথা ‘জেন জি’ (Gen Z)-কে পাশে পেতে এবং তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ সুনিশ্চিত করতে স্বাধীনতা দিবসে লালকেল্লার ঐতিহাসিক মঞ্চ থেকে এক যুগান্তকারী বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে পিছিয়ে পড়া দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের পড়ুয়াদের সাহায্যার্থে কেন্দ্র সরকার যে এক বিশেষ উদ্যোগ নিতে চলেছে, সে কথা তাঁর ভাষণে স্পষ্ট করেছিলেন তিনি। আগামী এক বছরের মধ্যে ১ কোটি তরুণ-তরুণীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-এর প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিনামূল্যে কোচিং ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়। প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, ‘বিকশিত ভারত’ গড়ার মূল চাবিকাঠি যুব সমাজের ক্ষমতায়ন এবং তাঁদের পরিবারের আর্থিক সাশ্রয় নিশ্চিত করা।
প্রধানমন্ত্রীর এই বার্তা দ্রুত বাস্তবায়নে ইতিমধ্যেই তড়ঘড়ি কাজ শুরু করেছে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর, আগামী মাসদেড়েকের মধ্যেই অর্থাৎ আগামী ২ অক্টোবর গান্ধী জয়ন্তী থেকেই পরীক্ষার্থীদের সুবিধার্থে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবা শুরু হতে পারে। প্রাথমিকভাবে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা NEET এবং JEE-এর প্রস্তুতির জন্য অনলাইনে এই বিনামূল্যে কোচিং ক্লাসের বন্দোবস্ত করা হচ্ছে। বড় বড় কোচিং সংস্থাগুলির আকাশছোঁয়া ফি প্রদান করতে না পেরে যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় পিছিয়ে পড়তেন, তাঁদের সরকারি এই অনলাইন পোর্টাল ও অ্যাপের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করে তোলাই কেন্দ্র সরকারের প্রধান লক্ষ্য।
সাম্প্রতিক সময়ে নিট (NEET) পরীক্ষা সংক্রান্ত জটিলতা ও প্রশ্নফাঁস বিতর্কের পর তরুণ প্রজন্মের অসন্তোষ দূর করতে বারবার সচেষ্ট হয়েছেন প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় তরুণদের ‘ফ্রেন্ডস’ সম্বোধন করে মোদী আশ্বাস দিয়েছিলেন, কোনো দুর্নীতি সহ্য করা হবে না। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার বিনামূল্যে মানসম্পন্ন কোচিংয়ের সুযোগ এনে তরুণ সমাজের বিশ্বাস পুনর্গঠনের চেষ্টা করছে কেন্দ্র। সরকারিভাবে এই সংক্রান্ত চূড়ান্ত সূচি খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে আশাবাদী বিশেষজ্ঞ মহল।