চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: দেশবাসীর জন্য নতুন ফিচার চালু করল ভারতের নিজস্ব নেভিগেশন অ্যাপ MapMyIndia ৷ MapMyIndia-র তরফে জানানো হয়েছে, মাল্টিমডেল পাবলিক ট্রান্সপোর্ট রুট এই অ্যাপের মধ্যে সংযুক্ত করা হয়েছে ৷ অর্থাৎ কোনও গন্তব্যে যাওয়ার জন্য কোন কোন রুটে সরকারি যানবাহন পাওয়া যাবে, কোথায় স্টপ রয়েছে এবং ইন্টারচেঞ্জের অপশন রয়েছে তা ওই MapMyIndia অ্যাপেই দেখা যাবে ৷ যাতে ব্যবহারকারীরা কোনও রকম ঝঞ্ঝাট ছাড়াই গন্তব্যে পৌঁছতে পারেন তারজন্যই এই ব্যবস্থা করা হয়েছে (MapMyIndia Transport) ৷
কোনও গন্তব্যস্থলে যাওয়ার জন্য ব্যবহারকারীরা এবার থেকে ট্রেন, বাস ও মেট্রোর রুট জানতে পারবেন এই অ্যাপের মাধ্যমে৷ আগামীদিনে সরকারি ও বেসরকারি গণপরিবহণ ব্যবস্থাকেও এই অ্যাপের মাধ্যমে সংযুক্ত করা হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। নতুন ট্রান্সপোর্ট রুট ম্যাপও যোগ করা হয়েছে এই অ্যাপে ৷ যেখানে টার্ন বাই টার্ন নেভিগেশনের সুবিধা রয়েছে ৷ এছাড়াও রিয়েল টাইম ট্রাফিক ইনফো, সেফটি অ্যালার্ট এবং ইন্টেলিজেন্ট রুটিংয়ের সুবিধা রয়েছে।
বর্তমানে শুধুমাত্র iOS ভার্সনে এই ফিচারটি যোগ করা হয়েছে ৷ আগামী দিনে Android এও এই ফিচারটি আনা হবে। বর্তমানে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, চণ্ডীগড়, পুনে, কলকাতা, আমেদাবাদ, নাগপুর , ইন্দোর, পাটনা, লখনউ, কানপুর, আগ্রা, জয়পুর কোচি এবং ভোপালে এই সুবিধা মিলবে (MapMyIndia Transport)।