চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: বিহার বিধানসভা নির্বাচন ঘিরে যখন রাজনৈতিক উত্তেজনা চরমে, ঠিক সেই সময়েই নতুন জল্পনা শুরু হয়েছে সঙ্গীতশিল্পী মৈথিলী ঠাকুরকে নিয়ে। জনপ্রিয় এই কণ্ঠশিল্পী কি এবার বিজেপির প্রার্থী হতে চলেছেন? এমনই প্রশ্ন ঘুরছে রাজনৈতিক মহলে।সম্প্রতি নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় এবং বিহার বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা বিনোদ তাওড়ের সঙ্গে মৈথিলীর সাক্ষাৎ হওয়ার পর থেকেই সেই আলোচনা আরও জোরদার হয়েছে। বিনোদ তাওড়ে তাঁর এক্স হ্যান্ডলে মৈথিলীর সঙ্গে একটি ছবি পোস্ট করে তাঁকে ‘বিহার-কন্যা’ বলে সম্বোধন করেন এবং বিজেপিতে স্বাগত জানান।(Bihar)
সূত্রের খবর, নিত্যানন্দ রায় এবং বিনোদ তাওড়ে মৈথিলীকে বিহার ও বিহারবাসীদের জন্য কাজ করার আহ্বান জানিয়েছেন। এ প্রসঙ্গে তাওড়ে মন্তব্য করেন, ১৯৯৫ সালে লালুপ্রসাদ যাদবের শাসনকালে মৈথিলী ঠাকুরের পরিবারকে বিহার ছেড়ে যেতে হয়েছিল। এখন পরিবর্তনের বিহারে তিনি ফিরতে চান। বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাতের পর মৈথিলী ঠাকুরও কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, যাঁরা বিহারের জন্য বড় স্বপ্ন দেখেন, তাঁদের প্রতিটি কথা আমার কাছে অনুপ্রেরণার মতো। বিহারের উন্নতির জন্য কিছু করতে চাই। তাঁর এই মন্তব্যকে অনেকেই রাজনীতিতে যোগদানের ইঙ্গিত হিসেবেই দেখছেন।রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, বিজেপি যদি সত্যিই তাঁকে প্রার্থী করে, তাহলে মৈথিলীকে মধুবনী বা দ্বারভাঙার আলিগড় আসনে প্রার্থী করা হতে পারে। কারণ, তিনি মধুবনীর বেনিপট্টির বাসিন্দা এবং বিহারের মিথিলা অঞ্চলে তাঁর জনপ্রিয়তা ব্যাপক।(Bihar)
উল্লেখ্য, নির্বাচন কমিশন ইতিমধ্যেই মৈথিলী ঠাকুরকে বিহারের ‘স্টেট আইকন’ হিসেবে ঘোষণা করেছে। ভারতীয় শাস্ত্রীয় ও লোকসঙ্গীতের এই প্রশিক্ষিত শিল্পীকে ২০২১ সালে সংগীত নাটক আকাদেমি কর্তৃক ওস্তাদ বিসমিল্লাহ খান যুব পুরস্কারে ভূষিত করা হয়েছিল। ইন্ডিয়ান আইডল জুনিয়রে অংশ নিয়ে দেশজুড়ে পরিচিতি পান তিনি। ২০২৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও মৈথিলীর গানের প্রশংসা করেছিলেন। তাঁর গাওয়া ‘মা শবরী’ গানটি প্রধানমন্ত্রীকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এমনকি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের সময়ও মোদি সেই গানের উল্লেখ করেছিলেন।প্রসঙ্গত, বিহার বিধানসভা নির্বাচনে দু’দফায় ভোট হবে ৬ এবং ১১ নভেম্বর। আর ফল ঘোষণা ১৪ নভেম্বর। এখন দেখার বিষয়, ভোটের আগেই কি বিজেপির প্রার্থী তালিকায় নাম ওঠে জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর।(Bihar)