ad
ad

Breaking News

Maharashtra Congress VP

নামাজ পড়ে বেরোনোর সময় মসজিদের মধ্যেই ধারালো অস্ত্রের কোপ! মৃত মহারাষ্ট্রের কংগ্রেসের সহ-সভাপতির

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ আকোলা জেলার আকোট তালুকার মোহলা গ্রামের জামা মসজিদে নামাজ আদায় করেন ৬৬ বছর বয়সী হিদায়াতুল্লাহ প্যাটেল।

Maharashtra Congress VP Dies After Stabbing Attack

চিত্র: সংগৃহীত

Bangla Jago Desk: মসজিদে নামাজ পড়ে বেরোনোর সময় দুষ্কৃতী হামলার শিকার হয়েছিলেন মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি হিদায়াতুল্লাহ প্যাটেল। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তাঁর মৃত্যু। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে (Maharashtra Congress VP)।

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ আকোলা জেলার আকোট তালুকার মোহলা গ্রামের জামা মসজিদে নামাজ আদায় করেন ৬৬ বছর বয়সী হিদায়াতুল্লাহ প্যাটেল। নামাজ শেষ করে বেরোনোর সময় তাঁর ওপর অতর্কিতে হামলা চালায় এক যুবক। ধারালো অস্ত্র দিয়ে তাঁর ঘাড় ও বুকে একাধিক আঘাত করা হয়। রক্তক্ষরণ শুরু হলে রক্তাক্ত অবস্থায় মসজিদ থেকে বেরিয়ে আসেন তিনি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে আকোটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ-তে (ICU) ভর্তি করেন। সেখানেই বুধবার সকালে তাঁর মৃত্যু হয় (Maharashtra Congress VP)।

ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক দলের সাহায্যে নমুনা সংগ্রহ করে। হামলাকারীকে ধরতে গঠন করা হয় ছয়টি বিশেষ দল। অতিরিক্ত পুলিশ সুপার বি চন্দ্রকান্ত রেড্ডি নিশ্চিত করেছেন যে, মঙ্গলবার রাত ৮টা নাগাদ অভিযুক্ত উবেদ খান কালু খান ওরফে রাজিক খান প্যাটেলকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। আকোট তালুকার পানাজ গ্রাম থেকে তাকে ধরা হয়। পুলিশের প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে এই প্রাণঘাতী হামলা চালানো হয়েছে (Maharashtra Congress VP)।

এই হত্যাকাণ্ডের পর মোহলা গ্রাম এবং আকোট শহরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জেলা পুলিশ সুপার অর্চিত চণ্ডক ব্যক্তিগতভাবে পরিস্থিতির ওপর নজর রাখছেন। আকোট গ্রামীণ থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। ধৃত যুবককে জিজ্ঞাসাবাদ করে হামলার নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ (Maharashtra Congress VP)।