ad
ad

Breaking News

LPG Supply

রান্নার গ্যাসের আকাল পড়ার আশঙ্কা! যুদ্ধ আবহে এবার ‘ইলেকট্রিক কুকিং’-এ জোর দিচ্ছে কেন্দ্র

বিকল্প রান্নার ব্যবস্থাকে উৎসাহিত করতে এবার ইলেকট্রিক কুকিংয়ের দিকে জোর দিতে শুরু করল কেন্দ্র

LPG Supply Government Pushes Electric Cooking

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভারতে এলপিজি (রান্নার গ্যাস) সরবরাহে বড় ধাক্কা লাগতে পারে— এমন আশঙ্কা ক্রমেই জোরালো হচ্ছে। যুদ্ধের জেরে জ্বালানি খরচ বাড়ার পাশাপাশি সরবরাহ শৃঙ্খলেও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অবস্থায় এলপিজির উপর নির্ভরতা কমাতে এবং বিকল্প রান্নার ব্যবস্থাকে উৎসাহিত করতে এবার ইলেকট্রিক কুকিংয়ের দিকে জোর দিতে শুরু করল কেন্দ্র। সরকারি সূত্রে খবর, দেশীয়ভাবে ইন্ডাকশন হিটার ও সংশ্লিষ্ট রান্নার সরঞ্জাম উৎপাদন বাড়াতে বৃহস্পতিবার উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রক বৈঠক করেছে শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন দফতর। জানা গিয়েছে, এই বৈঠকে উপস্থিত ছিলেন ডিপিআইআইটি সচিব অমরদীপ সিং ভাটিয়া, বিদ্যুৎ সচিব পঙ্কজ আগরওয়াল, বৈদেশিক বাণিজ্য মহানির্দেশক লাভ আগরওয়াল-সহ একাধিক মন্ত্রকের শীর্ষ আধিকারিকরা।

বৈঠকে মূলত আলোচনা হয়েছে কীভাবে দ্রুত ইন্ডাকশন-ভিত্তিক রান্নার যন্ত্রাংশ, কুকওয়্যার এবং সংশ্লিষ্ট সরঞ্জামের সম্পূর্ণ উৎপাদন শৃঙ্খল (ম্যানুফ্যাকচারিং চেন) ভারতে গড়ে তোলা যায়। সরকারের লক্ষ্য, ভবিষ্যতের সম্ভাব্য জ্বালানি সঙ্কটের কথা মাথায় রেখে এখন থেকেই প্রস্তুতি নেওয়া। সূত্রের দাবি, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি-এর বৈঠক হয়। সেখানে সম্ভাব্য সঙ্কটের কথা বিবেচনা করে সংশ্লিষ্ট মন্ত্রকগুলিকে ‘আগাম পরিকল্পনা’ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি মহলে আশঙ্কা, যুদ্ধ পরিস্থিতি যদি আরও কয়েক মাস চলতে থাকে, তবে উপসাগরীয় অঞ্চলের জ্বালানি সরবরাহে বড় প্রভাব পড়তে পারে। ফলে শুধু তেল বা এলপিজি নয়, পেট্রোকেমিক্যাল পণ্য সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

উল্লেখ্য, ভারতের অপরিশোধিত তেল এবং এলপিজির একটি বড় অংশ আমদানি হয় উপসাগরীয় দেশগুলি থেকে। যুদ্ধ পরিস্থিতির জেরে যদি সরবরাহে বাধা আসে, তাহলে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি এবং ঘাটতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণেই কেন্দ্রীয় সরকার এখন ধীরে ধীরে ইলেকট্রিক কুকিংয়ের মতো বিকল্প ব্যবস্থার দিকে ঝুঁকছে বলে মনে করা হচ্ছে।