Bangla jago Desk: উত্তরপ্রদেশের মির্জাপুরে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু হয়েছে ১০ জন শ্রমিকের। আহত আরও ৩ শ্রমিক। আহতরা চিকিৎসাধীন স্থানীয় হাসপাতালে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ট্রাক্টরের সঙ্গে লরির সংঘর্ষ। মর্মান্তিক মৃত্যু হয় ১০ জন শ্রমিকের। বৃহস্পতিবার রাতে উত্তরপ্রদেশের মির্জাপুরে এই ঘটনা ঘটে। জানা যায় , মোট ১৩ জন শ্রমিক ভাদোহী থেকে বারানসীর দিকে যাচ্ছিলেন ট্রাক্টরে। ভাদোহীতে দিন মজুরের কাজ করতেন তারা। আচমকাই সেই রাতে একটি লরি নিয়ন্ত্রন হারিয়ে সজোরে ধাক্কা মারে ট্রাক্টরটিতে। পুলিশ সূত্রে খবর, রাত এগারোটা নাগাদ জিটি রোডে ঘটে যাওয়া ঘটনার সময় ট্রাক্টরটিতে উপস্থিত ছিলেন ১৩ জন শ্রমিক।
লরিটি নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক্টরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। বাকি তিনজনকে গুরুতর আহত অবস্থাতে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা। জানা যায়, বারাণসীর হিন্দু বিশ্ববিদ্যালয়ের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন রয়েছেন তারা। জানা যায়, শ্রমিকরা প্রত্যেকেই কাজ সেরে বাড়ি ফিরছিলেন। বারনসীর মির্জামুরাদ এলাকায় প্রত্যেকের বাড়ি। আচমকা এই লরি ও ট্রাক্টরের সংঘর্ষের পর উদ্ধারকাজ শুরুর হয় প্রাথমিকভাবে।
পরবর্তী সময়ে চলে মৃতদের দেহ সণাক্তকরণের কাজ। এই দুর্ঘটনার পর বেশ কিছুক্ষনের জন্য যানজট সৃষ্টি হয় এলাকায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তবে ওই লরিটির নিয়ন্ত্রন হারানোর কারণ লরির গতি বেশি থাকা নাকি চালকের মদ্যপান তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই দায়ের করা হয়েছে একটি এফআইআর। ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা ওই এলাকার সাংসদ অনুপ্রিয়া প্যাটেল। একইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা ও মৃতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি। একইসঙ্গে মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।