ad
ad

Breaking News

Kurnool acciden

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ পথ দুর্ঘটনা, মৃত্যু ৮ পুণ্যার্থীর

পুলিশ জানিয়েছে, কুর্নুল জেলার মন্ত্রালয়ম মণ্ডলের চিলকালদোনা এলাকার কাছে জাতীয় সড়ক ১৬৭-এ ধর্মপুর টোল প্লাজার কাছাকাছি এই দুর্ঘটনাটি ঘটে।

kurnool-accident-pilgrims-killed-andhra-pradesh

চিত্রঃ প্রতীকী

Bangla Jago Desk: অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনা। আর তাতেই কমপক্ষে ৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও প্রায় ১০ থেকে ১৩ জন। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ জানিয়েছে, কুর্নুল জেলার মন্ত্রালয়ম মণ্ডলের চিলকালদোনা এলাকার কাছে জাতীয় সড়ক ১৬৭-এ ধর্মপুর টোল প্লাজার কাছাকাছি এই দুর্ঘটনাটি ঘটে। কর্নাটক থেকে আসা পুণ্যার্থী বোঝাই একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ভ্যানটি ছিটকে গিয়ে দুমড়ে-মুচড়ে যায় এবং ট্যাঙ্কারটিও উল্টে পড়ে। জানা গিয়েছে, পিকআপ ভ্যানে মোট ২১ জন পুণ্যার্থী ছিলেন। দুর্ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে পাঁচজন মহিলা, তিন বছরের এক শিশুকন্যা এবং দু’জন পুরুষ রয়েছেন। আহতদের প্রথমে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে কুর্নুলের হাসপাতালে রেফার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, নিহত ও আহত পুণ্যার্থীরা কর্নাটকের বাসিন্দা। তাঁরা মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। ইয়েম্মিগানুর মহকুমার ডিএসপি ভার্গবী জানান, উন্নত চিকিৎসার জন্য সাতজন আহতকে কুর্নুলে স্থানান্তর করা হয়েছে। আরও চারজন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে একজনের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।

এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। অতিরিক্ত গতি, চালকের অসতর্কতা কিংবা গাড়ির যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা—সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।