চিত্র : সংগৃহীত
Bangla Jago Desk: ফের তীব্র গুলির লড়াইয়ে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে এক রক্তক্ষয়ী সংঘর্ষে খতম হয়েছে দুই ‘জেহাদি’। গোয়েন্দা সূত্রে খবর, নিহতদের মধ্যে একজন পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার অত্যন্ত প্রভাবশালী ও সক্রিয় সদস্য। বাকি আর এক জঙ্গির পরিচয় এখনও জানার চেষ্টা করছে যৌথ বাহিনী।
শনিবার গোপন সূত্রে ভারতের নিরাপত্তা শিবিরের কাছে খবর আসে যে, শোপিয়ান জেলার চানপোরা গ্রামে বেশ কয়েকজন ভারী অস্ত্রধারী জঙ্গি গা-ঢাকা দিয়ে রয়েছে। এই খবরের ভিত্তিতেই দ্রুত এলাকায় যৌথ অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনীর রাষ্ট্রীয় রাইফেলস, জম্মু-কাশ্মীর পুলিশের প্যারা ইউনিট এবং স্পেশাল অপারেশনস গ্রুপ (SOG)। গোটা এলাকা কর্ডন বা অবরুদ্ধ করে শুরু হয় চিরুনি তল্লাশি। নিজেদের পালানোর সব পথ বন্ধ দেখে মরিয়া হয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে লুকিয়ে থাকা জঙ্গিরা। পালটা কড়া জবাব দেয় ভারতীয় বাহিনীও। শনিবার সন্ধ্যা পৌনে আটটা নাগাদ শুরু হওয়া এই গুলির লড়াই চলে রাতভর। অবশেষে বাহিনীর নিখুঁত নিশানায় দুই জঙ্গিরই মৃত্যু হয়।
নিরাপত্তা সংস্থাগুলির দেওয়া তথ্য অনুযায়ী, নিহত দুই জঙ্গির মধ্যে একজনের পরিচয় মিলেছে। তার নাম জাকির আহমদ গনি, যে দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার বাসিন্দা। লস্কর-ই-তইবার এই সদস্য নিরাপত্তা বাহিনীর খাতায় মোস্ট ওয়ান্টেড বা ‘এ++’ ক্যাটাগরির ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত ছিল। গত বছর পহেলগাঁওতে হওয়া জঙ্গি হামলার নেপথ্যেও এই জাকিরের সরাসরি হাত ছিল বলে তদন্তে উঠে আসে। উপত্যকায় দীর্ঘদিন ধরে সেনা ও আমজনতার ওপর হামলা এবং একাধিক নাশকতামূলক কর্মকাণ্ডের মূল চক্রী ছিল এই খতম হওয়া লস্কর জঙ্গি।