ad
ad

Breaking News

K Annamalai

দ্রাবিড়ভূমে পদ্মশিবিরে মহাধস! বিজেপি ছেড়ে নতুন দল গড়ছেন আন্নামলাই?

বিদ্রোহী আন্নামলাইকে শান্ত করতে এবার রাজ্যসভার টোপ? অন্ধ্রপ্রদেশ থেকে দিল্লি পাঠানোর বড় চাল বিজেপির

K Annamalai To Leave BJP Form New Party

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: পূর্ব ও উত্তর ভারতে বিপুল সাফল্য পেলেও, দক্ষিণ ভারতের ‘দ্রাবিড় দুর্গ’ তামিলনাড়ুতে বিজেপির পরিস্থিতি এখনও সেই তিমিরেই রয়ে গিয়েছে। সাম্প্রতিক নির্বাচনে তামিলভূমে বিরোধী ঝড়ে খড়কুটোর মতো ভেসে গিয়েছে পদ্মবাহিনী। আর এই চূড়ান্ত ব্যর্থতার রেশ কাটতে না কাটতেই এবার দক্ষিণ ভারতের বিজেপিতে বড়সড় ভাঙনের ইঙ্গিত মিলল। দল ছাড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছেন তামিলনাড়ু বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন আইপিএস অফিসার কে আন্নামলাই (K Annamalai)। জোর জল্পনা শুরু হয়েছে, গেরুয়া শিবিরকে বিদায় জানিয়ে খুব শীঘ্রই তিনি নিজের একটি নতুন আঞ্চলিক রাজনৈতিক দল গঠন করতে পারেন। ২০২৬-এর এই মরশুমে আন্নামলাইয়ের মতো জনপ্রিয় তরুণ মুখ দল ছাড়লে, তা যে দক্ষিণ ভারতে বিজেপির পায়ের তলার মাটি আরও দুর্বল করে দেবে, তা বলাই বাহুল্য।

কেন এই দূরত্ব? টিকিট না পাওয়া থেকে তীব্র সংঘাত

দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আন্নামলাইয়ের ঠোকাঠুকি অবশ্য নতুন কিছু নয়। সিবিএসই-র (CBSE) শিক্ষানীতিতে ‘তিন ভাষা’ বাধ্যতামূলক করার কেন্দ্রের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছিলেন তিনি। পাশাপাশি, নির্বাচনে এআইডিএমকে (AIADMKE)-র সঙ্গে বিজেপির জোট করার জেদও মেনে নিতে পারেননি আন্নামলাই। এই লাগাতার বিদ্রোহের শাস্তি হিসেবে সম্প্রতি তাঁকে রাজ্য সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে প্রবীণ নেতা নাইনার নাগেন্দ্রনকে দায়িত্ব দেওয়া হয়। এমনকী, সদ্যসমাপ্ত নির্বাচনে দল তাঁকে টিকিট পর্যন্ত দেয়নি। যদিও আন্নামলাই দাবি করেছিলেন যে তিনি নিজেই ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন, তবে দলের সঙ্গে তাঁর দূরত্ব যে হিমশৈলের চূড়া ছুঁয়েছে, তা স্পষ্ট।

সোশ্যালে ভাইরাল নতুন দলের নাম ও প্রতীক

সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আন্নামলাই ইতিমধ্যেই ঘনিষ্ঠ মহলে নতুন দল গঠনের বিষয়ে চিন্তাভাবনা ও ব্লু-প্রিন্ট তৈরি শুরু করে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর লক্ষ লক্ষ অনুগামী ও সমর্থকেরা এই জল্পনায় আরও ঘি ঢেলেছেন। আন্নামলাইয়ের সম্ভাব্য নতুন দলের নাম, এজেন্ডা এবং প্রতীক কী হতে পারে, তা নিয়েও নেটপাড়ায় পোস্ট করা শুরু করে দিয়েছেন সমর্থকেরা। তবে এই গোটা বিতর্ক নিয়ে এখনও পর্যন্ত নিজে মুখে কোনও মন্তব্য করেননি আন্নামলাই।

ড্যামেজ কন্ট্রোলে রাজ্যসভার টোপ?

অন্য দিকে, দক্ষিণ ভারতের এই হেভিওয়েট নেতার মান ভাঙাতে এবং দলত্যাগ রুখতে এবার ড্যামেজ কন্ট্রোলে নামছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। রাজনৈতিক মহলে কানাঘুষো শোনা যাচ্ছে, অভিমানী আন্নামলাইকে শান্ত করতে দল তাঁকে কোনও বড় সাংগঠনিক পদ অথবা অন্ধ্রপ্রদেশ থেকে রাজ্যসভার (Rajya Sabha) টিকিট দিয়ে সংসদে পাঠাতে পারে।

উল্লেখ্য, ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত তামিলনাড়ুতে বিজেপির ব্যাটন ছিল আন্নামলাইয়ের হাতেই। তবে ২০২৪-এর লোকসভা নির্বাচনে কোয়েম্বাটুর আসন থেকে তিনি নিজে ১ লক্ষেরও বেশি ভোটে পরাজিত হন এবং দ্রাবিড় রাজনীতিতে পদ্ম ফোটাতে ব্যর্থ হন। এখন দেখার, রাজ্যসভার টোপ গিলে আন্নামলাই বিজেপিতেই থেকে যান, নাকি নতুন দল গড়ে দক্ষিণ ভারতের রাজনীতিতে নতুন ‘বাজিগর’ হয়ে ওঠেন।