চিত্র: সংগৃহীত
Bangla Jago Desk: ঝাড়খণ্ডে মাও-দমন অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। নিরাপত্তারক্ষীদের গুলিতে নিহত হয়েছেন কুখ্যাত মাওবাদী নেতা মুখদেব যাদব। তাঁর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। রবিবার সকালে তারহাসি ও মানাতু সংলগ্ন ঘন জঙ্গলে তল্লাশি চালানোর সময় সংঘর্ষের মুখে পড়ে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ (Jharkhand)।
[আরও পড়ুন: নেপালে নতুন দিগন্ত, শহিদ স্বীকৃতি, তদন্ত ও পরিবর্তনের বার্তা]
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। তল্লাশির সময় পিছু হটার সুযোগ না পেয়ে মুখদেব যাদবের নেতৃত্বে মাওবাদীরা নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও। দীর্ঘক্ষণ গোলাগুলির পর মুখদেবকে খতম করা সম্ভব হয়। মুখদেব ‘তৃতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি’ নামে নিষিদ্ধ সংগঠনের অন্যতম শীর্ষ কমান্ডার ছিলেন। বহুদিন ধরেই তাঁর খোঁজ করছিল পুলিশ।
তাঁর মৃত্যুকে বড় সফলতা হিসেবে দেখছে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে চলতি মাসেই ঝাড়খণ্ডের সারান্ডার জঙ্গলে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মাওবাদীদের এক শীর্ষ নেতা নিহত হন। সিংভূম জেলার গোইলকেরা থানার অন্তর্গত সারান্ডার জঙ্গলে মাওবাদীদের জড়ো হওয়ার কথা গোপন সূত্রে জানতে পারে পুলিশ এবং নিরাপত্তাবাহিনী। এরপর শুরু হয় তল্লাশি অভিযান। আর তাতেই নিরাপত্তারক্ষী বাহিনীর গুলিতে মাওবাদী শীর্ষ নেতা অমিত হাঁসদা ওরফে আপ্তানের মৃত্যু হয়। এই ঘটনার পর চলতি মাসেই ফের ঝাড়খণ্ডে নিহত হল আরো এক শীর্ষ মাওবাদী নেতা (Jharkhand)।
উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার লক্ষ্য। সেই নির্দেশের পর থেকেই ছত্তিশগড়, ঝাড়খণ্ডসহ মাওপ্রধান রাজ্যগুলোতে মাওবিরোধী অভিযান আরও জোরদার হয়েছে। গোয়েন্দাদের মতে, ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমানার কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্ত ঘাঁটি।
এই অঞ্চল থেকে মাওবাদীদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনা নিয়োজিত হয়েছে। ২১ এপ্রিল থেকে শুরু হওয়া অভিযানে এখনও পর্যন্ত ৩১ জনের বেশি মাওবাদী নিহত হয়েছেন।এছাড়াও ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সংলগ্ন জঙ্গল ও পাহাড়ে ঘাঁটি গেড়ে থাকা প্রায় ১,০০০ মাওবাদীকে ধরতে ২০ হাজারের বেশি যৌথ বাহিনী নামানো হয়েছে (Jharkhand)।
FB POST: https://www.facebook.com/share/r/17Ghyg8gA6/
অভিযানে ইতিমধ্যেই খতম করা হয়েছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসবরাজুকে, যার মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা।মুখদেব যাদবের মৃত্যু মাও-দমন অভিযানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন। গোটা অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।