ad
ad

Breaking News

Jet Crash

অসমে ভেঙে পড়ল সুখোই যুদ্ধবিমান, প্রাণ হারালেন দুই বীর পাইলট

শুক্রবার সকালে বায়ুসেনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই দুঃসংবাদ নিশ্চিত করা হয়েছে

Jet Crash: IAF Su-30MKI Fighter Jet Crash

চিত্র- সংগৃহীত

Bangla Jago Desk: অসমের কার্বি আংলং এলাকায় ভারতীয় বায়ুসেনার সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে দুই পাইলটের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে বায়ুসেনার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই দুঃসংবাদ নিশ্চিত করা হয়েছে। নিহত দুই বীর যোদ্ধার নাম স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বায়ুসেনা জানিয়েছে, এই কঠিন সময়ে তারা সবসময় পরিবারের পাশে থাকবে। কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সন্ধ্যায়, যখন যুদ্ধবিমানটি নিয়মিত প্রশিক্ষণের জন্য জোরহাট বায়ুসেনা ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। ওড়ার কিছু সময় পর সন্ধ্যা ৭টা ৪২ মিনিট নাগাদ নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে বিমানটির শেষ যোগাযোগ হয়। সেই সময় বিমানটি অরুণাচল প্রদেশ সীমান্তের কাছাকাছি অবস্থানে ছিল। এরপরই হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। বায়ুসেনার হেলিকপ্টার রাতভর অসমের বিভিন্ন এলাকায় খোঁজ চালানোর পর শুক্রবার ভোরে জোরহাট থেকে প্রায় ৬০ কিমি দূরে কার্বি আংলং জেলায় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পায়। সেখানেই দুই পাইলটের নিথর দেহ উদ্ধার করা হয়।

বর্তমানে ভারতীয় বায়ুসেনার কাছে রাশিয়ার সহায়তায় নির্মিত ২৬০টিরও বেশি সুখোই যুদ্ধবিমান রয়েছে। তবে এই ধরনের দুর্ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০১৭ সালেও অসমের তেজপুর থেকে ওড়ার পর অরুণাচলের জঙ্গলে একটি সুখোই বিমান ভেঙে পড়েছিল এবং সেবারও একইভাবে দুই পাইলটের মৃত্যু হয়েছিল। সেই স্মৃতি উসকে দিয়ে পুনরায় ঘটে যাওয়া এই দুর্ঘটনা বায়ুসেনার নিরাপত্তা ও যান্ত্রিক মহলে শোকের ছায়া ফেলেছে।