Bangla Jago Desk: আবারও রণক্ষেত্র জম্মু ও কাশ্মীর। সোমবার রাতে উদমপুর জেলার একটি জঙ্গলঘেরা গ্রামে নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গোলাগুলির লড়াইয়ে এক পুলিশকর্মী শহিদ হন। জবাবি হামলায় এক জঙ্গিও গুরুতর জখম হয়। গোটা এলাকা ঘিরে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে এবং পালানোর সব রাস্তা বন্ধ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন খবর অনুযায়ী ওই গ্রামে তিনজন জঙ্গি লুকিয়ে ছিল। খবরের ভিত্তিতে পুলিশের বিশেষ বাহিনী, সিআরপিএফ ও সেনার যৌথ দল পুরো এলাকা ঘিরে তল্লাশি শুরু করে। তবে রাতের অন্ধকার এবং জঙ্গলের ঘনত্বে অভিযান পরিচালনা করা নিরাপত্তাবাহিনীর জন্য কঠিন হয়ে দাঁড়ায়।
ঘেরাটোপ বুঝতে পেরে জঙ্গিরা অতর্কিতে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায়। হঠাৎ এই আক্রমণে এক পুলিশকর্মী গুলিবিদ্ধ হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু ঘটে। জবাবি হামলায় এক জঙ্গিও আহত হয়।
সংঘর্ষ সন্ধ্যা ৬টার দিকে শুরু হয়। নিরাপত্তা বাহিনী গ্রামটি ঘিরে ফেলে এবং কয়েক মিনিট ধরে গোলাগুলির লড়াই চলে। প্রাথমিক সংঘর্ষে একজন SOG জওয়ান আহত হন, পরে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ওই রাতের অভিযান স্থগিত রাখা হয়েছে এবং মঙ্গলবার পুনরায় অভিযান শুরু হবে।
কর্মকর্তারা নিশ্চিত করেছেন, জঙ্গিরা যাতে কোনওভাবে পালাতে না পারে এবং তাদের নিধন করা যায়, সে জন্য এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।



