চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk:জম্মু-কাশ্মীরের ক্রিকেট প্রতিযোগিতায় হেলমেটে প্যালেস্টাইনের পতাকা লাগিয়ে মাঠে নামায় নতুন বিতর্ক তৈরি হয়েছে। ঘটনায় জড়িত ক্রিকেটার ফুরকান ভাট এবং প্রতিযোগিতার আয়োজকদের তলব করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।ঘটনাটি ঘটেছে চলতি জম্মু-কাশ্মীর চ্যাম্পিয়ন্স লিগে। গত বুধবার এই লিগের একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল জেকে ১১ কিংস এবং জম্মু ট্রেইলব্লেজার। সেই ম্যাচেই ব্যাট করতে নামার সময় ফুরকান ভাটের হেলমেটে প্যালেস্টাইনের পতাকার স্টিকার নজরে আসে। ম্যাচের ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিষয়টি নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়।
এই ঘটনা নজরে আসার পরই সক্রিয় হয় পুলিশ প্রশাসন। জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘একজন ক্রিকেটার এবং প্রতিযোগিতার আয়োজকদের জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। জম্মুর একটি ক্রিকেট প্রতিযোগিতায় হেলমেটে প্যালেস্টাইনের পতাকা ব্যবহার করা হয়েছিল। বিষয়টি আয়োজকদের নজর এড়িয়ে কীভাবে ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।’পুলিশ সূত্রে খবর, ফুরকান ভাট আয়োজকদের অনুমতি নিয়ে ওই পতাকা ব্যবহার করেছিলেন কি না, সেটিও তদন্তের অংশ। অনুমতি ছাড়া এমন কিছু হলে আয়োজকদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করা হতে পারে। এই লিগের উদ্যোক্তা জাহিদ ভাট এবং টুর্নামেন্টের জন্য মাঠ আয়োজনের দায়িত্বে থাকা ব্যক্তিদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে।জম্মু-কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘এই মুহূর্তে কারও বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্ত চলছে। সব দিক খতিয়ে দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’ পাশাপাশি, ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক বা অন্য কোনও সংগঠনের যোগসূত্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ভারতীয় ক্রিকেটে হেলমেটে জাতীয় পতাকা ব্যবহার নতুন কিছু নয়। ভারতীয় দলের ক্রিকেটারেরা বিসিসিআইয়ের লোগোর উপরে জাতীয় পতাকার স্টিকার লাগিয়ে খেলেন—যার সূচনা হয়েছিল সচিন তেন্ডুলকরের হাত ধরে। তবে স্থানীয় একটি প্রতিযোগিতায় বিদেশি পতাকা ব্যবহারের ঘটনায় প্রশ্ন উঠেছে নিয়ম, অনুমতি এবং উদ্দেশ্য নিয়ে।এদিকে, গোটা বিষয়টি প্রকাশ্যে আসার পর জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনও অবস্থান স্পষ্ট করেছে। তারা জানিয়েছে, এই প্রতিযোগিতার আয়োজকেরা কোনও রাজ্য বা জাতীয় ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত নন।সব মিলিয়ে, মাঠের বাইরে একটি প্রতীক ঘিরেই এখন উত্তাল জম্মুর ক্রিকেট মহল।