ad
ad

Breaking News

Jammu Kashmir Army Road Accident Doda

জম্মু-কাশ্মীরে ২০০ ফুট গভীর খাদে সেনার গাড়ি, প্রাণ হারালেন ১০ বীর জওয়ান

বর্তমানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

Jammu Kashmir Army Road Accident Doda

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: জম্মু-কাশ্মীরের ডোডায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ভারতীয় সেনার ১০ জন জওয়ান। বৃহস্পতিবার দুপুরে জেলার ভাদেরওয়াহ এলাকায় জওয়ানদের বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় আরও সাতজন সেনাকর্মী গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বর্তমানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদসংস্থা পিটিআই এবং সেনা সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িটিতে মোট ১৭ জন সেনাকর্মী সওয়ার ছিলেন। ভাদেরওয়াহ-চাম্বা সড়কের খান্নি টপ নামক স্থানে পৌঁছলে আচমকাই গাড়িটি রাস্তার ধারের গভীর খাদে চলে যায়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় পুলিশ ও সেনার একটি যৌথ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগায়। দুর্গম এলাকা হওয়ায় যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি চালিয়ে এখনও পর্যন্ত ১০ জনের নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত সাত জওয়ানকে উন্নত চিকিৎসার জন্য বিমানে করে দ্রুত উধমপুরের সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনা প্রসঙ্গে সেনার হোয়াইট নাইট কোরের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে, ওই সেনাকর্মীরা একটি বিশেষ অভিযানে অংশ নিতে যাচ্ছিলেন। প্রাথমিক অনুমান অনুযায়ী, প্রতিকূল আবহাওয়া এবং অত্যন্ত বিপদসঙ্কুল পাহাড়ি চড়াই-উতরাই পথে ভারসাম্য সামলাতে না পেরেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তবে হতাহতের সঠিক সংখ্যা বা মৃতদের পরিচয় নিয়ে সেনার তরফে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি।

বর্তমানে দুর্ঘটনাস্থলে সেনার উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত রয়েছেন। গভীর খাদ থেকে দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটি উদ্ধারের চেষ্টা চলছে। সীমান্তের এই স্পর্শকাতর এলাকায় প্রতিকূল প্রকৃতির সঙ্গে লড়াই করে দেশের সেবায় নিয়োজিত জওয়ানদের এই অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।