ad
ad

Breaking News

Jammu And Kashmir

জম্মুতে ভেঙে পড়ল নির্মীয়মাণ সেতু, মৃত্যু ৩ শ্রমিকের

উদ্ধার হওয়া শ্রমিকদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।

jammu-bridge-collapse-bantlab-workers-killed

চিত্রঃ সংগৃহীত

Bangla Jago Desk: জম্মুর বান্তলাব এলাকায় নির্মাণাধীন সেতুর একাংশ ভেঙে ভয়াবহ দুর্ঘটনা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছে তিন শ্রমিকের। গুরুতর আহত অবস্থায় একজন শ্রমিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেতুর কাজ চলাকালীন আচমকাই বিকট শব্দে নির্মীয়মাণ অংশটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং উদ্ধারকাজ শুরু হয়। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে ধ্বংসস্তূপ থেকে এক শ্রমিককে জীবিত উদ্ধার করা হলেও বাকি তিনজনকে বাঁচানো যায়নি।

উদ্ধার হওয়া শ্রমিকদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিকের চিকিৎসা বর্তমানে হাসপাতালে চলছে। মৃতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান করা হয়েছে, সেতুর পরিকাঠামো দুর্বল থাকার কারণেই দুর্ঘটনা ঘটতে পারে। জানা গিয়েছে, ওই সেতুর ভিত্তি আরও মজবুত করার জন্য খননকাজ চলছিল। সেই সময় পাশ দিয়ে ভারী যান চলাচলের ফলে সৃষ্ট কম্পনেই দুর্বল অংশ ভেঙে পড়ে বিপত্তি ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে প্রশাসনের তরফে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি, সংশ্লিষ্ট ঠিকাদারকে কালো তালিকাভুক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে খবর। এদিকে, ঘটনায় শোকপ্রকাশ করেছেন জম্মু-কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। তিনি দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কর্তব্যে গাফিলতির অভিযোগে সেতু নির্মাণ প্রকল্পের দায়িত্বে থাকা দুই আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। এই দুর্ঘটনা ফের একবার নির্মাণাধীন সরকারি প্রকল্পগুলির নিরাপত্তা ও নজরদারি নিয়ে বড় প্রশ্ন তুলে দিল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।