Bangla Jago Desk: মঙ্গলবার আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় বিদেশমন্ত্রী এস. জয়শংকর নাম না করে পাকিস্তানকে ‘খারাপ প্রতিবেশী’ হিসেবে আক্রমণ করেছেন। তিনি বলেন, “খারাপ প্রতিবেশীরা যখন জঙ্গিদের মদত দিচ্ছে, তখন ভারতেরও অধিকার আছে নিজের দেশকে রক্ষা করার। ভারতীয় নদীর জল ব্যবহারের অনুরোধও করা উচিত নয় এমন প্রতিবেশীদের।”
জয়শংকরের এই মন্তব্য আসছে এমন সময় যখন ভারতের সিন্ধু জলচুক্তি মানার বিষয়ে পাকিস্তান কঠোর অবস্থান নিয়েছিল। পহেলগাঁও হামলার পর নয়াদিল্লি ঘোষণা করেছিল, ভারত সিন্ধু চুক্তি মানবে না। সেই ক্ষোভ এখনও পাকিস্তান সরকারের মধ্যে বিদ্যমান। এর মধ্যে চন্দ্রভাগা নদীর উপর দুলহস্তী স্টেজ-২ জলবিদ্যুৎ প্রকল্পের অনুমোদন দিয়েছে মোদি সরকার, যা নিয়েও পাকিস্তান আবার কঠোর প্রতিবাদ করেছে।
আইআইটি মাদ্রাজে বক্তৃতায় জয়শংকর বলেন, “আমরা কী পদক্ষেপ নেব তা সম্পূর্ণ আমাদের নিজস্ব সিদ্ধান্ত। আমাদের কী করা উচিত বা উচিত নয়, সেটা নিয়ে কেউ আমাদের নির্দেশ দিতে পারে না। দেশের সুরক্ষার জন্য যা প্রয়োজন, তাই করব। যদি কোনও প্রতিবেশী দেশ দীর্ঘদিন ধরে অনুতাপহীনভাবে সন্ত্রাস চালিয়ে যায়, তাহলে ভারতের নাগরিকদের রক্ষা করার অধিকার রয়েছে, এবং আমরা সেই অধিকার প্রয়োগ করব।”
জয়শংকরের বক্তব্য অনুযায়ী, চন্দ্রভাগার জলবন্টন ইস্যুতেই পাকিস্তানকে খারাপ প্রতিবেশী বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “বহু বছর আগে জলবন্টন নিয়ে দুই দেশ সহমত হয়েছিল। কিন্তু দশকের পর দশক ধরে পাকিস্তান যদি সন্ত্রাস চালিয়ে আসে, তখন তাদের ভালো প্রতিবেশী বলা যায় না। যদি প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্ক না থাকে, তাহলে কোনো সাহায্যও পাওয়া যাবে না। তুমি জল চাইছ আমার থেকে, কিন্তু আমার বিরুদ্ধে সন্ত্রাস চালাবে, সেটা তো হতে পারে না।”
বিশ্লেষকরা মনে করছেন, জয়শংকরের এই মন্তব্যে কেবল পাকিস্তানকেই নিশানা করা হলেও, বর্তমান বাংলাদেশে মৌলবাদীদের প্রভাব বৃদ্ধির প্রসঙ্গও হয়তো বিবেচনায় রাখা হয়েছে।



