চিত্রঃ সংগৃহীত
Bangla Jago Desk: জম্মু-কাশ্মীরের কিশ্তওয়ারে জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী। সেখানে দুই জইশ জঙ্গি—সইফুল্লা ও আদিলকে ধরতে তল্লাশি অভিযান চলছে। এই তল্লাশির সময় পাহাড়ি জঙ্গলে সেনারা তাদের একটি গোপন ডেরার হদিস পায়। গাছের আড়ালে এমনভাবে তৈরি করা হয়েছে এই বাঙ্কার, যে সাধারণ চোখে তা শনাক্ত করাও সহজ নয়। পাশাপাশি বাঙ্কারটি এমনভাবে সাজানো ছিল যে, বিপরীত দিক থেকে আক্রমণ করলে তা সহজেই আটকে দিতে পারবে। জইশ জঙ্গিদের এমন বাঙ্কারের সন্ধান পেয়ে নিরাপত্তাবাহিনীও স্তম্ভিত হয়ে পড়েছে।
সোমবার এই গোপন বাঙ্কারের অবস্থান ধরা পড়ে পাহাড়ের প্রায় ১২ হাজার ফুট উচ্চতায়। সেখানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ৫০ প্যাকেট ম্যাগি, প্রচুর কাঁচা সবজি, চাল, রান্নার যাবতীয় সরঞ্জাম এবং শুকনো কাঠ। সেনা সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া জিনিসের পরিমাণ দেখে বোঝা যাচ্ছে, জঙ্গিরা অনেক দিন ধরেই ওই ডেরায় লুকিয়ে ছিল। এছাড়াও উদ্ধার হওয়া রসদ দেখে ধারণা করা হচ্ছে, কয়েক মাসের খাবারও মজুত ছিল বাঙ্কারে।
এমনকি এই ধরনের বাঙ্কার তৈরি করা এবং এত পরিমাণ খাদ্যসামগ্রী মজুদ করা স্থানীয়দের সহযোগিতা ছাড়া সম্ভব নয় বলে মনে করছে নিরাপত্তাবাহিনী। তাই জঙ্গিদের সহায়তার সন্দেহে ইতিমধ্যেই চার জন স্থানীয়কে আটক করা হয়েছে। পাশাপাশি কারা কারা জঙ্গিদের সহযোগিতা করেছে, সেই খোঁজও চলছে।
তিন দিন ধরে কিশ্তওয়ারে জঙ্গিদমন অভিযান চলছে। রবিবার রাতে জঙ্গিদের ছোড়া গ্রেনেডে সাত জওয়ান জখম হন। পরে আহত এক জওয়ানের মৃত্যু হয়। সেই ঘটনার পর থেকেই জঙ্গিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মঙ্গলবার অভিযান তৃতীয় দিনে পড়েছে, কিন্তু এখনও দুই জঙ্গির সন্ধান পাওয়া যায়নি। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকেই কিশ্তওয়ারে ‘অপারেশন ট্র্যাশ-১’ নামে জঙ্গিদমন অভিযান শুরু হয়েছে।