চিত্রঃ নিজস্ব গ্রাফিক্স
Bangla Jago Desk: ভারত-চিন সম্পর্কের বরফ গলছে ধীরে ধীরে। এবার নয়াদিল্লি থেকে সরাসরি চিন এবং ভিয়েতনামের বিমান চালু করতে চলেছে ইন্ডিগো এয়ারলাইনস। আগামী ১০ নভেম্বর থেকে দিল্লি-গুয়াংঝৌ এবং ২০ ডিসেম্বর থেকে দিল্লি-হ্যানয় রুটে নিয়মিত বিমান পরিষেবা চালু হবে বলে জানিয়েছে সংস্থাটি।এর আগে ইন্ডিগো ঘোষণা করেছিল, আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা-গুয়াংঝৌ রুটেও সরাসরি বিমান পরিষেবা চালু হবে।
প্রায় পাঁচ বছর পর ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান পরিষেবা পুনরায় শুরু হতে চলেছে এই পদক্ষেপে।ইন্ডিগোর মুখপাত্র জানিয়েছেন, ভারত এবং এশিয়ার গুরুত্বপূর্ণ গন্তব্যগুলির মধ্যে সরাসরি যোগাযোগ পুনরুদ্ধার আমাদের আন্তর্জাতিক সম্প্রসারণ পরিকল্পনার একটি বড় পদক্ষেপ। এতে ব্যবসা ও পর্যটন—দুই ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে।
এই উদ্যোগে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও পর্যটন সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ভারত ও ভিয়েতনামের মধ্যে যোগাযোগও আরও সহজ হবে।ইন্ডিগো সম্প্রতি আন্তর্জাতিক রুট সম্প্রসারণে জোর দিচ্ছে। লন্ডন, এথেন্স এবং কোপেনহেগেনের মতো শহরের সঙ্গে নতুন সংযোগ তৈরি করেছে সংস্থাটি। এবার চিন ও ভিয়েতনামের রুট চালুর মধ্য দিয়ে দক্ষিণ ও পূর্ব এশিয়ার বাজারেও নিজেদের অবস্থান আরও শক্ত করতে চলেছে ভারতের অন্যতম বৃহৎ বিমান সংস্থা।উল্লেখ্য, ২০২০ সালে কোভিড অতিমারী এবং গালওয়ান সংঘাতের জেরে বন্ধ হয়ে গিয়েছিল ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা। গত কয়েক মাসে দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটেছে—কৈলাস-মানস সরোবর যাত্রা পুনরায় শুরু হয়েছে, চিনা নাগরিকদের জন্য ভিসা জারি করা হয়েছে। এবার সরাসরি বিমান পরিষেবা চালুর মাধ্যমে সেই সম্পর্কের উষ্ণতাই আরও বাড়ল।